Skip to content

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গড়বেতা ৩ ব্লকে পদযাত্রা ও সচেতনতা শিবির, বাল্যবিবাহ ও শিশু পাচার রোধে বার্তা!

অভিজিৎ সাহা : আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গড়বেতা ৩ ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন চন্দ্রকোনা রোড এলাকায় এক বর্ণাঢ্য পদযাত্রা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সমাজে নারীর নিরাপত্তা, অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।এদিনের পদযাত্রা চন্দ্রকোনা রোড শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।

হাতে প্ল্যাকার্ড ও সচেতনতার বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ রোধ, শিশু পাচার প্রতিরোধ এবং জল অপচয় বন্ধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেন। পদযাত্রা শেষে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বক্তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই বিষয়গুলিতে আরও বেশি করে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশু পাচারের মতো সামাজিক অপরাধ রুখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা ৩ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা কর সহ ব্লকের বিভিন্ন দপ্তরের মহিলা কর্মচারীরা। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র বহু মহিলা এই পদযাত্রা ও সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন। তাঁদের সক্রিয় উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নারী নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি আরও বেশি করে আয়োজন করা হবে।

Latest