Skip to content

নিউ চণ্ডীগড়ে মুখোমুখি পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স, নজরে আইয়ার-গিল!

নিজস্ব সংবাদদাতা: আইপিএল ২০২৬-এর উত্তেজনা ক্রমশ চরমে উঠছে। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ, মঙ্গলবার ৩১ মার্চ, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। ম্যাচ শুরুর আধঘণ্টা আগে হবে টস। সূচি অনুযায়ী এটাই পঞ্জাবের মরশুমের প্রথম ম্যাচ, ফলে ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করাই শ্রেয়স আইয়ারদের মূল লক্ষ্য। সবচেয়ে বেশি নজর থাকবে দুই ভারতীয় তারকা অধিনায়ক—শ্রেয়স আইয়ার ও শুভমান গিলের দিকে। দুজনের কাছেই এই ম্যাচ শুধু দলের জন্য ২ পয়েন্ট তোলার লড়াই নয়, বরং জাতীয় দলের নির্বাচকদের কাছেও শক্ত বার্তা দেওয়ার মঞ্চ। ব্যাট হাতে বড় রান এবং নেতৃত্বে ম্যাচে প্রভাব—দুই অধিনায়কের কাছ থেকেই সেটাই আশা করছেন। গত মরশুমে ফাইনালে উঠে অল্পের জন্য ট্রফি হাতছাড়া করেছিল পঞ্জাব কিংস। তাই এ বছর আরও বেশি ক্ষুধার্ত শ্রেয়সের দল। ব্যাটিংয়ে প্রভসিমরন, শশাঙ্ক, স্টোয়েনিস, নেহাল ওয়াধেরার মতো বিস্ফোরক নাম রয়েছে। অন্যদিকে বোলিংয়ে আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কাগজে-কলমে দুই দলই অত্যন্ত শক্তিশালী। তবে ঘরের মাঠ, সমর্থকদের সমর্থন এবং গত মরশুমের ধারাবাহিকতার নিরিখে সামান্য এগিয়ে রাখা যায় পঞ্জাব কিংসকে।

অন্যদিকে, শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটান্সও মরশুম শুরু করতে নামছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। টপ অর্ডারে সাই সুদর্শন, জস বাটলার ও গিলের জুটি ভয়ঙ্কর হতে পারে। মিডল অর্ডারে রাহুল তেওয়াতিয়া ও শাহরুখ খানের ফিনিশিং ক্ষমতা আলাদা মাত্রা যোগ করবে। আর বোলিংয়ে রশিদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ—এই ত্রয়ী যে কোনও ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিতে পারে। তবুও টি-২০ ক্রিকেটে এক ঝলকেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। ফলে আজকের রাত যে রুদ্ধশ্বাস হতে চলেছে, তা বলাই যায়।

Latest