Skip to content

হলদিয়ায় তেল ট্যাঙ্কারের তাণ্ডব — ডিভাইডার ভেঙে দোকানে ঢুকে মৃত্যু ২, আহত ৪

1 min read

অভিজিৎ সাহা,পূর্ব মেদিনীপুর : ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্প শহর হলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে হলদিয়া-মেছেদা জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী তেল ট্যাঙ্কার প্রথমে রাস্তার মাঝখানের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে, তারপর রাস্তার ধারে থাকা একটি দোকানের ভেতর ঢুকে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ভবানীপুর থানার অন্তর্গত ডিঘাসীপুরের তালপুকুর মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় চারজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তেল বোঝাই ট্যাঙ্কারটি অত্যন্ত দ্রুত গতিতে হলদিয়ার দিকে যাচ্ছিল। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-ওদিক ধাক্কা মারতে মারতে দোকানের ভেতরে ঢুকে পড়ে এবং সামনে থাকা মানুষজনকে সজোরে আঘাত করে। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে এবং চালকের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে জাতীয় সড়কে বেপরোয়া গাড়ি চালানো ও মদ্যপ অবস্থায় ড্রাইভিং নিয়ে। স্থানীয়দের দাবি, দ্রুত কড়া ব্যবস্থা না নিলে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

Latest