নিজস্ব সংবাদদাতা : এক শতকের গৌরবময় শিক্ষাযাত্রাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী প্রভাত কুমার কলেজের শতবর্ষ উদযাপন। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক পর্বের মাধ্যমে তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, বিধায়ক সুমিতা সিনহা, প্রাক্তন বিধায়ক ও প্রবীণ কংগ্রেস নেতা শৈলজা কুমার দাস, প্রাক্তন বামফ্রন্ট সরকারের মন্ত্রী প্রবোধচন্দ্র সিনহা-সহ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী।

১৯২৬ সালে প্রতিষ্ঠিত প্রভাত কুমার কলেজ দীর্ঘ একশো বছর ধরে পূর্ব মেদিনীপুর তথা দক্ষিণবঙ্গে উচ্চশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে নিজস্ব ঐতিহ্য বজায় রেখে চলেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু শিক্ষক, চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক, গবেষক, সাহিত্যিক, শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রভাত কুমার কলেজের সঙ্গে রাজ্যের রাজনৈতিক অঙ্গনেরও দীর্ঘ সম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাত্রজীবনে এই কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। এছাড়াও প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, সাংসদ সৌমেন্দু অধিকারী এবং বিধায়ক দিব্যেন্দু অধিকারীও এই কলেজের প্রাক্তনী। ফলে অধিকারী পরিবারের সঙ্গে কলেজটির দীর্ঘদিনের যোগসূত্র বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিন দিনব্যাপী শতবর্ষ উৎসব উপলক্ষে প্রাক্তনী সম্মেলন, শিক্ষামূলক আলোচনা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, প্রদর্শনী-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শতবর্ষ উপলক্ষে কলেজ চত্বরকে বিশেষ আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে, যা উৎসবের আবহকে আরও বর্ণময় করে তুলেছে। purba-midnapore-শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একশো বছরের পথচলাকে উদযাপন করতে প্রাক্তনী, বর্তমান পড়ুয়া ও স্থানীয় মানুষের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে উঠেছে গোটা কলেজ প্রাঙ্গণ।