পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে,ডেবরায় উদ্ধার হওয়া ১০০ মোবাইল পৌঁছল আসল মালিকের হাতে!

পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে,ডেবরায় উদ্ধার হওয়া ১০০ মোবাইল পৌঁছল আসল মালিকের হাতে!

নিজস্ব সংবাদদাতা :হারিয়ে গিয়েছিল মোবাইল, কারও আবার চুরি হয়ে গিয়েছিল। সেই হারানো ফোনগুলিই এবার ফিরে পেলেন ১০০ জন। প্রযুক্তিকে হাতিয়ার করে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। রবিবার ডেবরায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া ১০০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার আইপিএস পাপিয়া সুলতানা। তাঁর উপস্থিতিতেই একে একে মোবাইল ফোনগুলি সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের ফোন ফিরে পেয়ে অনেকের মুখেই দেখা যায় স্বস্তি ও আনন্দের ছাপ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল হারানো বা চুরি যাওয়ার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে ফোনগুলির সন্ধান চালানো হয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পর একাধিক মোবাইলের হদিশ মেলে। এরপর প্রয়োজনীয় নথি ও তথ্য যাচাই করে প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়।রবিবার সেই উদ্ধার হওয়া ফোনগুলিই ফেরত দেওয়া হয় তাঁদের হাতে। পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ। হারানো জিনিস ফিরে পাওয়ার পাশাপাশি পুলিশের তৎপরতায় আস্থাও বেড়েছে বলে জানান উপস্থিত অনেকেই।জেলা পুলিশ জানিয়েছে, মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির ব্যবহার করে আরও হারানো মোবাইল উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। পুলিশের এই ধারাবাহিক উদ্যোগে সাধারণ মানুষের হারানো সম্পত্তি উদ্ধারের পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রেও তদন্ত প্রক্রিয়া আরও জোরদার হচ্ছে।