IC-কে ধমক দেওয়ার অভিযোগ! রানিগঞ্জ থানায় বিক্ষোভ, আটক ২ বিজেপি নেতা!
নিজস্ব সংবাদদাতা : বিজেপি মণ্ডল সভাপতি শামসের সিং ও বাদশা চ্যাটার্জির গ্রেফতারের প্রতিবাদে রানীগঞ্জ থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। আর সেই বিক্ষোভ চলাকালীন থানার IC-কে ধমক দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা আনন্দ সাউ ও দিবাকর চক্রবর্তীর বিরুদ্ধে। পুলিশ আধিকারিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই বিজেপি নেতার প্রতিবাদে দলীয় কর্মী-সমর্থকেরা রানীগঞ্জ থানায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের মধ্যেই কয়েকজন বিজেপি নেতা থানার ভিতরে ঢুকে IC-র সঙ্গে কথা বলতে যান। সেখানেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার পাশাপাশি IC-কে ধমক দেওয়ার অভিযোগও ওঠে।
এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারী বিজেপি নেতাদের মধ্যে আনন্দ সাউ ও দিবাকর চক্রবর্তীকে আটক করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে থানার চত্বরে উত্তেজনা ছড়ায়।প্রসঙ্গত, গত শুক্রবার বিজেপি নেতাদের সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতাহাতির ঘটনা ঘটে।

সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে অভিযোগ। এরপর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতেই বিজেপি মণ্ডল সভাপতি শামসের সিং-সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের প্রতিবাদে রানীগঞ্জ থানায় বিক্ষোভে নামে বিজেপি। আর সেই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা এবং IC-কে ধমকের অভিযোগে দুই বিজেপি নেতাকে আটক করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।