Skip to content

কলকাতায় রথযাত্রার আবহে ‘সারা বাংলা কবিতা উৎসব’, সাহিত্য-সংস্কৃতির মহামিলনে মাতল কৃষ্ণপদ মেমোরিয়াল হল!

দেবরাজ সাহা : রথযাত্রার পবিত্র লগ্নে সাহিত্য, সংস্কৃতি ও সম্প্রীতির আবহে কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ‘সারা বাংলা কবিতা উৎসব’। জাতীয় সংস্কৃতি ও পরিবেশ পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রথের রশি টেনে উৎসবের শুভ সূচনা করেন অতিথিরা। তাঁদের সঙ্গে উপস্থিত কবি-সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে গোটা অনুষ্ঠান পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাহিত্যিক পৃথ্বীরাজ সেন এবং জাতীয় সংস্কৃতি ও পরিবেশ পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক কানন হাঁসদা। অনুষ্ঠানের শুরুতেই রথের রশি টেনে শুভ সূচনার মধ্য দিয়ে রথযাত্রার ঐতিহ্য ও সাহিত্যচর্চার এক অভিনব সংযোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক বরুণ চক্রবর্তী, ড. সীমা রায়, ড. অপূর্ব কুমার বিশ্বাস, ড. অমর ঘোষ, ড. মুকুল চক্রবর্তী, স্বাতী বন্দ্যোপাধ্যায়, রঞ্জনা কর্মকার, কুন্তল গুহ, আকাশ পাইন-সহ বহু বিশিষ্ট সাহিত্যপ্রেমী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কনিনীকা রায়চৌধুরী। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য মিষ্টিমুখের আয়োজন করেন পৌলভী মিশ্রপ্রণতি ভট্টাচার্য।অনুষ্ঠানে আগত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান পরিষদের সভানেত্রী রঞ্জনা গুহ। কবি, সাহিত্যিক ও সঞ্চালক অঞ্জলি চট্টোপাধ্যায়ের আবৃত্তি উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। রথযাত্রাকে কেন্দ্র করে স্বরচিত কবিতা পাঠ করেন ড. আকবর আলি শাহ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক কবির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবিতা উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত ও সমৃদ্ধ।কবিতা-লেখা প্রতিযোগিতার বিচারক ড. সোহিনী চক্রবর্তী এবং টুম্পা রায়চৌধুরী কবিতা রচনার নানা দিক নিয়ে আলোচনা করেন। নবীন কবি-লেখকদের উদ্দেশে তাঁরা মূল্যবান পরামর্শও দেন।এদিন বিভিন্ন ক্ষেত্রে সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বঙ্গ বাঙালি কবি সম্মান’ প্রদান করা হয় তাপস ভূষণ সেনগুপ্ত, জয়দীপ রায়চৌধুরী, সুমিতা পয়ড়্যা, শ্যামল কুমার বিশ্বাস এবং পুলক সাহা-কে। পাশাপাশি বসু প্রকাশন থেকে প্রকাশিত ‘সাহিত্য লোক’, ‘সবুজ কলম’ এবং ‘সবুজ মন’ পত্রিকার নতুন সংখ্যারও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন কবি শিবশঙ্কর বক্সি। সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন জাতীয় সংস্কৃতি ও পরিবেশ পরিষদের চেয়ারম্যান পার্থ গোপাল মুখোপাধ্যায়।রথযাত্রার পবিত্র আবহে সাহিত্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে দিনব্যাপী এই ‘সারা বাংলা কবিতা উৎসব’ অংশগ্রহণকারী কবি, সাহিত্যিক এবং দর্শকদের মনে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল।

Latest