নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। শুক্রবার সকালে বিধানসভায় প্রোটেম স্পিকার তাপস রায়ের তত্ত্বাবধানে স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সর্বসম্মতিক্রমেই স্পিকারের আসনে বসেন প্রথমবারের বিধায়ক রথীন্দ্র বসু। শাসকদল বিজেপির তরফে স্পিকার পদে রথীন্দ্র বসুর নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রস্তাব সমর্থন করেন দিলীপ ঘোষ। ধ্বনি ভোটে রথীন্দ্র স্পিকার নির্বাচিত হন।বন্দে মাতরম্ গান দিয়ে অধিবেশন শুরু হয়েছে। স্পিকার নির্বাচন পর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা উপস্থিত ছিলেন না। পরে তাঁরা সভায় যোগ দেন। স্পিকার নির্বাচনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে রথীন্দ্র বসু স্পিকারের আসনে বসেন। তৃণমূল কংগ্রেস এই নির্বাচনের বিরোধিতা করেনি। প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও নতুন স্পিকারকে শুভেচ্ছা জানান। সভার নিয়ম মেনে নতুন স্পিকার প্রথমে মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখার অনুমতি দেন। শুভেন্দু অধিকারী রথীন্দ্রকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী পাঁচ বছরে বিধানসভা গঠনমূলক ভূমিকা পালন করবে এবং বিরোধী দলগুলিও নিজেদের মতামত প্রকাশের পূর্ণ সুযোগ পাবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, বিধানসভার কার্যপ্রণালী অচল করার চেষ্টা থেকে বিরোধীরা বিরত থাকবে।এরপর বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। পাশাপাশি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানাও নতুন স্পিকারকে শুভেচ্ছা জানান।
পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু!