Skip to content

দুর্ঘটনায় শয্যাশায়ী স্ত্রীর দায়িত্ব নিতে অস্বীকার, অবশেষে হাই কোর্টের হস্তক্ষেপে মানবিক রায় !

প্রতীকী ছবি। 

নিজস্ব সংবাদদাতা : দুর্ঘটনার পর দীর্ঘ সাড়ে চার বছর হাসপাতালে কাটানো পুনম গুপ্ত অবশেষে বাড়ি ফিরলেন কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপে। আমহার্স্ট স্ট্রিটে ভয়াবহ স্কুটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। এই সময়কালে স্বামী জয়প্রকাশ গুপ্ত তাঁর দায়িত্ব অস্বীকার করেছেন বলে অভিযোগ ওঠে। জানা গেছে, কয়েক বছর আগে স্বামী-স্ত্রী স্কুটিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন পুনম। মাথায় গুরুতর আঘাত লাগায় প্রথমে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পুনম কথা বলা ও চলাফেরার ক্ষমতা হারান। তবে হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি ইশারায় সাড়া দেন এবং নিজে খাওয়াদাওয়াও করতে পারেন। চিকিৎসকদের মতে, প্রয়োজন হলে তাঁকে বাড়িতে রেখেই পরবর্তী চিকিৎসা চালানো সম্ভব ছিল। অভিযোগ, দীর্ঘ চিকিৎসাকালীন সময়ে স্বামী জয়প্রকাশ গুপ্ত হাসপাতালের খরচ বহন বন্ধ করে দেন এবং পরে রোগীকে বাড়িতে নিতে অনীহা প্রকাশ করেন। হাসপাতালের বকেয়া বিল দাঁড়ায় প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকায়। এর মধ্যে বিমা সংস্থা কিছু অংশ দিলেও পরিবারের তরফে খুব সামান্য অর্থ প্রদান করা হয়। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে থানায় অভিযোগ দায়ের করে। পরে পশ্চিমবঙ্গ ক্লিনিকাল এসট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হয়। কমিশনের নির্দেশেও সমস্যার সমাধান না হওয়ায় বিষয়টি পৌঁছায় কলকাতা হাই কোর্টে। আদালতে স্বামী দাবি করেন, তাঁর পক্ষে স্ত্রীর দীর্ঘমেয়াদি পরিচর্যা করা সম্ভব নয় এবং তাঁকে কোনও সরকারি হাসপাতাল বা হোমে স্থানান্তরের আর্জি জানান। তবে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি কমিটি গঠন করে পুনমের শারীরিক অবস্থা পর্যালোচনা করে। পর্যবেক্ষণে আদালত জানায়, আইনত বৈধ দাম্পত্য সম্পর্কে স্বামী তাঁর স্ত্রীর দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। একইসঙ্গে আদালত মন্তব্য করে, গুরুতর অসুস্থ রোগীদের হোমে পাঠানোর নীতি সর্বজনীনভাবে প্রয়োগ করা হলে পারিবারিক দায়িত্ববোধ ক্ষতিগ্রস্ত হবে। পুনম গুপ্তের ১৭ বছর বয়সি সন্তানের কথা বিবেচনা করে আদালত তাঁকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি হাসপাতালের বকেয়া বিল মকুবের নির্দেশও দেওয়া হয়। হাই কোর্টের রায় অনুযায়ী দীর্ঘ সাড়ে চার বছর পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে পুনম গুপ্তকে বাড়ি ফিরিয়ে নেওয়া হয়।

Latest