Skip to content

বিধানসভায় বিরোধী দলনেতা পদ নিয়ে নতুন জল্পনা, ঋতব্রতের দাবি ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভায় বিরোধী দলনেতার পদকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিরোধী শিবিরের একাংশের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি জানিয়েছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মুখ্য সচেতক, উপদলনেতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নাম প্রস্তাব করা হয়েছে বলেও জানা গিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৬০ জন বিধায়কের স্বাক্ষর-সম্বলিত একটি চিঠি নিয়ে মঙ্গলবার বিধানসভায় স্পিকারের দপ্তরে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে বিরোধী শিবিরের নেতৃত্ব সংক্রান্ত দাবির পাশাপাশি বিরোধী দলনেতা হিসেবে তাঁর নামের পক্ষে সমর্থনের উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।

পাশাপাশি মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নাম এবং উপদলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা ও সন্দীপন সাহার নামও প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের দাবি।উল্লেখ্য, এর আগে তৃণমূল নেতৃত্বের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিমকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করার কথা জানানো হয়েছিল। সেই সংক্রান্ত একটি চিঠিও বিধানসভায় জমা পড়েছে বলে জানা গিয়েছে। তবে স্পিকারের দপ্তর কোন প্রস্তাব গ্রহণ করবে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। সেই আবহে বিপুল সংখ্যক বিধায়কের সমর্থনের দাবি-সহ জমা পড়া এই চিঠি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।এখন নজর স্পিকারের সিদ্ধান্তের দিকে। বিধানসভার নিয়ম ও প্রচলিত রীতি অনুযায়ী বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।

Latest