নিজস্ব সংবাদদাতা: কলকাতায় এক চিকিৎসকের সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। ‘জয় শ্রী রাম’ বললে কনসালটেশন ফিতে ৫০০ টাকা ছাড়—এমন ঘোষণাই সামনে আসতেই চিকিৎসক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশের মধ্যে শুরু হয়েছে তীব্র সমালোচনা। চিকিৎসক পি কে হাজরার এই পোস্টকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি ও চিকিৎসক সমাজ।সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন পি কে হাজরা। সেখানে দাবি করা হয়, তাঁর চেম্বারে এসে যে রোগীরা ‘জয় শ্রী রাম’ বলবেন, তাঁদের পরামর্শমূল্যে ৫০০ টাকা বিশেষ ছাড় দেওয়া হবে। পোস্টটি সামনে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, একজন চিকিৎসক কীভাবে রোগী পরিষেবার মতো সংবেদনশীল জায়গায় রাজনৈতিক স্লোগানকে যুক্ত করতে পারেন? চিকিৎসা পরিষেবায় সকল রোগীর সমান অধিকার থাকা সত্ত্বেও এমন বার্তা কতটা নৈতিক, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।সমালোচনার মুখে অবশ্য নিজের অবস্থানে অনড় চিকিৎসক পি কে হাজরা। তাঁর দাবি, প্রত্যেক মানুষেরই নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকে এবং সেই মত প্রকাশের অধিকারও রয়েছে। তিনি যুক্তি টেনে বলেন, চিকিৎসক হয়েও যেমন বিধানচন্দ্র রায় রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন, তেমনই বর্তমানেও বহু চিকিৎসক সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সেই জায়গা থেকেই তিনি তাঁর এই পোস্টে কোনও অসঙ্গতি দেখছেন না। তাঁর কথায়, “জয় শ্রী রাম কোনও ধর্মীয় স্লোগান নয়, এটি রাজনৈতিক স্লোগান। সবাই নিজের মতো করে প্রচার করছে, আমি আমার পেশার মাধ্যমেই সেই প্রচার করছি।”তবে চিকিৎসক মহলের বড় অংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন। বিশিষ্ট চিকিৎসক ডাঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও ডাঃ সুবর্ণ গোস্বামী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁদের মতে, ব্যক্তি হিসেবে রাজনৈতিক মতামত প্রকাশ করা যেতেই পারে, কিন্তু চিকিৎসা পরিষেবার সঙ্গে কোনও রাজনৈতিক স্লোগান জুড়ে ছাড়ের প্রলোভন দেখানো সম্পূর্ণ নীতিবিরোধী। এতে চিকিৎসা পেশার নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে।এই প্রসঙ্গে চিকিৎসক ও সাংসদ শান্তনু সেনও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে। কিন্তু চিকিৎসা একটা অত্যন্ত পবিত্র পেশা। আমাদের শপথ নিতে হয় যে প্রতিটি মানুষকেই সমানভাবে পরিষেবা দেব। সেখানে দাঁড়িয়ে এ ধরনের পদক্ষেপ অন্যায়।”এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সামনে এসেছে চিকিৎসকদের পেশাগত নীতি, সামাজিক দায়বদ্ধতা এবং রাজনৈতিক অবস্থানের সীমারেখা নিয়ে বিতর্ক। চিকিৎসা কি শুধুই পেশা, নাকি তা সামাজিক বিশ্বাসের জায়গা—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শহর কলকাতা থেকে সোশাল মিডিয়ার অন্দরে।
‘জয় শ্রীরাম’ বললে মিলবে ৫০০ টাকা ছাড়—চিকিৎসকের পোস্টার ঘিরে উত্তাল কলকাতা