স্নেহার মৃত্যুর বিচার চেয়ে মেদিনীপুরে মৌন মিছিল, দোষীদের কঠোর শাস্তির দাবি!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের যমুনাবালিতে স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে ক্ষোভ। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে মৌন মিছিলে শামিল হলেন স্নেহার বাবা-মা, বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা।
মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধাননগর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে নীরবে পথ চলার মধ্য দিয়ে প্রয়াত স্নেহার প্রতি শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা। একই সঙ্গে তাঁর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তাঁরা।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর যমুনাবালিতে স্নেহার শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্নেহার বাপের বাড়ির পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর স্বামী রণদীপ জানা এবং শ্বশুরকে গ্রেফতার করেছে।স্নেহার মৃত্যু আত্মহত্যা নয়, বরং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ আন্দোলনকারীদের একাংশের।

তাঁদের দাবি, ঘটনার পিছনে প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর শাস্তি দিতে হবে।মৌন মিছিল থেকে স্নেহার আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তাও দেওয়া হয়। মোমবাতির আলোয় নীরব পদযাত্রার মধ্য দিয়ে একদিকে যেমন প্রিয়জনকে হারানোর বেদনা প্রকাশ পায়, অন্যদিকে তেমনই উঠে আসে ন্যায়বিচারের জোরালো দাবি। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই স্পষ্ট হবে।