বড় মণ্ডপে ডাক নেই, নিজের পাড়ার পুজো উদ্বোধন মমতার!

বড় মণ্ডপে ডাক নেই, নিজের পাড়ার পুজো উদ্বোধন মমতার!
ছবি সমাজ মাধ্যম থেকে নেওয়া। 

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর উদ্বোধন মানেই একসময় শহর থেকে জেলার বিভিন্ন মণ্ডপে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল পরিচিত ছবি। একসময় কলকাতার চেতলা অগ্রণী থেকে টালা প্রত্যয়—শহরের একাধিক বড় পুজোর উদ্বোধনে কখনও সশরীরে, কখনও আবার রিমোটের মাধ্যমে পুজোর উদ্বোধন করতেন তিনি। কিন্তু এবারের ছবিটা যেন একেবারেই আলাদা। শহরের একাধিক বড় বাজেটের পুজোর উদ্বোধনে তাঁকে দেখা না গেলেও, শেষ পর্যন্ত নিজের পাড়ার মিলন সংঘের পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বেরিয়ে পাশেই মিলন সংঘের পুজো মণ্ডপে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে দুই শিশুকে দিয়ে ফিতে কাটান। এরপর বেশ কিছুক্ষণ মণ্ডপ চত্বরে কাটান এবং প্রতিবেশীদের সঙ্গে খোঁজখবর করেন। এদিন তাঁর পরনে ছিল একেবারেই ঘরোয়া পোশাক। উল্লেখ্য,রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারের পুজোয় শহরের বড় মণ্ডপগুলির উদ্বোধনে দেখা যায়নি বলে উল্লেখ করা হচ্ছে। তবে, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যস্ত কর্মসূচির মধ্যেই রাত পর্যন্ত বিভিন্ন পুজোর উদ্বোধনে অংশ নিচ্ছেন।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n