পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২৮শে ফেব্রুয়ারি, শনিবার দুপুরের পর প্রকাশ্যে এল এসআইআর ২০২৬-এর চূড়ান্ত পর্যায়ের ভোটার তালিকা। পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে এদিন প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা, পাশাপাশি বিভিন্ন বুথের বিএলও-রাও। তালিকা প্রকাশের পরপরই বুথভিত্তিক ভোটার তালিকা সংশ্লিষ্ট বুথে টাঙানোর কাজ শুরু করেন বিএলওরা।

চূড়ান্ত তালিকা প্রকাশের পাশাপাশি জেলাশাসক দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। বৈঠকে শাসক দল থেকে বিরোধী—সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই যোগ দেন। তবে বৈঠক শেষে শাসক ও বিরোধী—উভয় পক্ষই জানায়, আপাতত তাঁদের হাতে কেবল পরিসংখ্যান এসেছে; বিস্তারিত তথ্য এখনও পুরোপুরি মেলেনি। অর্থাৎ, কার নাম বাদ পড়েছে বা নতুন করে কারা যুক্ত হয়েছেন—সে বিষয়ে স্পষ্ট চিত্র এখনো সামনে আসেনি।

শাসক দল All India Trinamool Congress-এর প্রতিনিধির সাফ বার্তা, কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে রাজ্য নেতৃত্বের নির্দেশে আন্দোলন জারি থাকবে। একই দাবিতে সরব Communist Party of India (Marxist)-এর প্রতিনিধিরাও। অন্যদিকে, বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জেলা বিজেপি নেতৃত্বের অন্যতম মুখ তন্ময় দাস। তাঁর অভিযোগ, আলোচনায় একাধিক বিষয়ে স্পষ্টতা মেলেনি। উল্লেখ্য, Bharatiya Janata Party-এর তরফেও তালিকা সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলা হয়েছে।ভোটের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে প্রশাসনিক তৎপরতা যেমন বেড়েছে, তেমনি রাজনৈতিক চাপানউতোরও স্পষ্ট। এখন নজর—বিস্তারিত তথ্য সামনে এলে কোন পথে এগোবে রাজ্য রাজনীতি।