সুমন মণ্ডল : চন্দ্রকোনা বিধানসভায় বিজেপি প্রার্থী সুকান্ত দোলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ১০ এপ্রিল শুক্রবার বিকেলে খেজুরডাঙ্গা থেকে ঠাকুরবাড়ি বাজার পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো ও পদযাত্রায় অংশ নেন তিনি।এই পদযাত্রায় অংশ নিয়ে কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেন স্মৃতি ইরানি।

গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ—দলীয় পতাকা, স্লোগান এবং বিপুল জনসমাগমে মুখর হয়ে ওঠে চন্দ্রকোনা।এদিনের প্রচারে এক ভিন্ন চিত্রও দেখা যায়, যখন তিনি চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কে স্কুটি চালিয়ে জনসংযোগে অংশ নেন। এই দৃশ্য ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।পদযাত্রার সময় প্রার্থী সুকান্ত দোলুইয়ের পাশে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন স্মৃতি ইরানি এবং বিজেপির পক্ষে সমর্থন চান। কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।রাজনৈতিক মহলের মতে, এই পদযাত্রা চন্দ্রকোনা বিধানসভায় বিজেপির নির্বাচনী প্রচারে নতুন গতি আনতে পারে।