নিজস্ব সংবাদদাতা : ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে দল ঘোষণার পরই শুরু হয়েছে জোর আলোচনা। কারণ, এবারের স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের একটিও ফুটবলার। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে আস্থা রেখেছেন তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া নতুন প্রজন্মের উপর। বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল দলে জায়গা পেয়েছেন। পাশাপাশি রয়েছেন নিকো উইলিয়ামস, পেদ্রি, গাভি ও রদ্রির মতো তারকারা। যদিও চোটের কারণে বাদ পড়েছেন ডিফেন্ডার ডিন হুইসেন ও অভিজ্ঞ দানি কারভাহাল।

দল ঘোষণার সময় দে লা ফুয়েন্তে জানান, “আমরা এমন ফুটবলারদের বেছে নিয়েছি যারা দলের প্রয়োজন মেটাতে পারবে। কোনও ক্লাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

২০২২ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ইউরো ২০২৪ জিতে ঘুরে দাঁড়ায় স্পেন। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বিশ্বকাপে নামছে ‘লা রোহা’। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে স্পেন। একই গ্রুপে রয়েছে সৌদি আরব ও উরুগুয়ে। স্পেনের দলে গোলরক্ষক হিসেবে রয়েছেন উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া। রক্ষণে মার্ক কুকুরেয়া, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে ও পেদ্রো পোরোর মতো নাম রয়েছে। মিডফিল্ডে গাভি, পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজ ও জুবিমেন্দিরা থাকছেন। আক্রমণভাগে ভরসা ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো ও ফেরান তোরেসদের উপর। এদিকে, দানি কারভাহাল ও প্রাক্তন অধিনায়ক আলভারো মোরাতার অবদানও স্মরণ করেছেন স্পেন কোচ। তাঁর কথায়, “ওরা দলের জন্য অসাধারণ নেতৃত্ব রেখে গিয়েছে। নতুন প্রজন্মও সেই ঐতিহ্য বজায় রাখতে প্রস্তুত।” বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। ৪ জুন ইরাকের বিরুদ্ধে এবং ৮ জুন পেরুর মুখোমুখি হবে তারা।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে গড়া এই দল ২০২৬ বিশ্বকাপে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। বিশেষ করে লামিনে ইয়ামাল ও পেদ্রির মতো তরুণদের উপর সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক ক্লাব), ডেভিড রায়া (আর্সেনাল), জোয়ান গার্সিয়া (বার্সেলোনা)
ডিফেন্ডার: মার্ক কুকুরেল্লা (চেলসি), পাউ কিউবারসি (বার্সেলোনা), আইমেরিক লাপোর্তে (অ্যাথলেটিক ক্লাব), অ্যালেজান্দ্রো গ্রিমাল্ডো (বেয়ার লেভারকুসেন), পেড্রো পোরো (টটেনহ্যাম হটস্পার), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস লোরেন্তে (অ্যাটলেটিকো মাদ্রিদ)

মিডফিল্ডার: গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), মার্টিন জুবিমেন্ডি (আর্সেনাল), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি), মিকেল মেরিনো (আর্সেনাল),অ্যালেক্স বেনা (অ্যাটলেটিকো মাদ্রিদ),
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), দানি ওলমো (বার্সেলোনা), ফেরান টোরেস (বার্সেলোনা), মিকেল ওয়ারজাবাল (রিয়াল সোসিয়েদাদ), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), বোর্জা ইগলেসিয়াস (সেল্টা ভিগো), ভিক্টর মুনোজ (ওসাসুনা)
