নিজস্ব সংবাদদাতা: জ্বালানি সঙ্কটকে ঘিরে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ। আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নানা মহলে গুঞ্জন ছড়িয়েছে—ভারতে কি আবার লকডাউন জারি হতে চলেছে? বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমার-এর মতো দেশগুলিতে জ্বালানি সঙ্কট মোকাবিলায় ‘ফুয়েল এমার্জেন্সি’ ঘোষণার পর ভারতের পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় জল্পনা আরও জোরদার হয়। তবে সমস্ত আশঙ্কা কার্যত উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশে নতুন করে লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। তাঁর বক্তব্য, “কোভিড-১৯ সময়ের মতো দেশব্যাপী লকডাউনের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।” সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তিনি দেশবাসীকে শান্ত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক স্তরে ইরান ও আমেরিকা-র মধ্যে উত্তেজনার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী-তে বিঘ্ন ঘটায় এলপিজি সরবরাহ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে পারে পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও—এমন আশঙ্কায় দেশের বিভিন্ন প্রান্তে পেট্রোল পাম্পে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার প্রস্তুত এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে সংযত থাকারই বার্তা দিয়েছে কেন্দ্র।
জ্বালানি ইস্যুতে গুঞ্জন, লকডাউন নিয়ে স্পষ্ট বার্তা কেন্দ্রের