Skip to content

আজ থেকে রাজ্য জুড়ে মহিলা যাত্রীদের জন্য চালু বিনামূল্যে সরকারি বাস পরিষেবা !

নিজস্ব সংবাদদাতা : আজ থেকে রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হল। সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ জুন থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে। ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্র সরকারি বাসে মহিলা যাত্রীরা বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাচ্ছেন। পরিষেবা চালুর প্রথম দিন থেকেই বিভিন্ন রুটের বাসে মহিলাদের ‘জিরো ভ্যালু’ বা শূন্য মূল্যের টিকিট প্রদান করা হচ্ছে। স্বল্প দূরত্বের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলছে। বাসে বিনামূল্যে টিকিট পেতে হলে যাত্রীদের পরিচয়পত্র হিসেবে নির্দিষ্ট নথিগুলির মধ্যে যে কোনও একটি প্রদর্শন করতে হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী- আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ১০০ দিনের কাজের কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশন নথি, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী পরিচয়পত্র, স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রসহ মোট ১২ ধরনের নথি গ্রহণ করা হচ্ছে। পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বাসচালক ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কীভাবে ‘জিরো ভ্যালু’ টিকিট ইস্যু করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা অনুসরণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে পরিচয়পত্র দেখিয়েই মহিলা যাত্রীরা এই সুবিধা পাবেন। তবে ভবিষ্যতে অপব্যবহার রোধে  ‘পিঙ্ক কার্ড’ বিশেষ স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। যদিও সেই ব্যবস্থা কবে চালু হবে, তা এখনও স্পষ্ট করা হয়নি। প্রথম দিনের অভিজ্ঞতায় বহু মহিলা যাত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, প্রতিদিনের যাতায়াত খরচ কমবে এবং কর্মজীবী ও সাধারণ পরিবারের উপর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে। সরকারের দাবি, মহিলাদের নিরাপদ, সাশ্রয়ী ও সহজ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে।

Latest