চলন্ত স্টিল এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ, গুরুতর জখম যাত্রী! ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন!

চলন্ত স্টিল এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ, গুরুতর জখম যাত্রী! ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসাধীন!

নিজস্ব সংবাদদাতা : চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে গুরুতর জখম হলেন এক যাত্রী। সোমবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের খড়্গপুর-টাটানগর শাখায় সরডিহা ও বাঁশতলা স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। জানলার ধারে বসে থাকা ওই যাত্রীর কানের উপরে পাথর এসে লাগায় তিনি রক্তাক্ত অবস্থায় ট্রেনের কামরার মেঝেতে লুটিয়ে পড়েন। পরে ঝাড়গ্রাম স্টেশনে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রীর নাম অমৃক সিং (২৮)। তিনি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার টাটানগরের মানগো থানা এলাকার বাসিন্দা।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে হাওড়া স্টেশন থেকে হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেসে চেপে বাড়ি ফিরছিলেন অমৃক। রাত আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ট্রেনটি সরডিহা স্টেশন পেরিয়ে বাঁশতলার দিকে যাওয়ার সময় আচমকাই পাথর ছোড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ। জানলার ধারে বসে থাকায় একটি পাথর তাঁর কানের উপরে এসে লাগে। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত হয়ে পড়েন তিনি।এরপর ট্রেনটি ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছলে খবর পেয়ে ছুটে আসেন রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং স্টেশন ম্যানেজার। তাঁদের উদ্যোগে আহত যাত্রীকে উদ্ধার করে দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ঝাড়গ্রাম জেলা বিজেপির স্বাস্থ্য সেলের সদস্য কৃষ্ণপ্রসাদ দোলই। তিনি আহত যুবকের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তাঁর দাবি, যুবকের কানের পাশ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চলন্ত ট্রেনে এভাবে পাথর ছোড়ার ফলে বড়সড় দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।এই ঘটনাকে কেন্দ্র করে চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেললাইন সংলগ্ন এলাকায় কারা পাথর ছুড়ল এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। ঘটনার তদন্ত ও দোষীদের শনাক্ত করার বিষয়ে রেল পুলিশের পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n