Skip to content

আলো, লেজার ও ওয়াল আর্টে সেজে উঠেছে তারকেশ্বর, শ্রাবণী মেলা ২০২৬!

নিজস্ব সংবাদদাতা : শ্রাবণ মাসকে কেন্দ্র করে ভক্তদের স্বাগত জানাতে নতুন সাজে সেজে উঠেছে তারকেশ্বর। শ্রাবণী মেলা ২০২৬ উপলক্ষে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আলো, লেজার শো, ওয়াল আর্ট এবং বিশেষ সাজসজ্জায় ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে।শ্রাবণী মেলার সূচনাকে ঘিরে আয়োজিত ধর্মসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেখানে তিনি মেলার শুভ উদ্বোধন করেন এবং ভক্তদের জন্য বিভিন্ন নতুন উদ্যোগের কথা তুলে ধরেন।এবারের অন্যতম আকর্ষণ তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুরে আয়োজিত লেজার অ্যান্ড লাইট শো। এই প্রদর্শনীতে আলো ও প্রযুক্তির মাধ্যমে শিবপুরাণের বিভিন্ন কাহিনি দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হচ্ছে।এছাড়াও, মন্দির চত্বর থেকে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে দেওয়ালচিত্রের মাধ্যমে শিবপুরাণের নানা অধ্যায় ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। ফলে গোটা এলাকা এখন কার্যত এক উন্মুক্ত শিল্পগ্যালারিতে পরিণত হয়েছে।

ভক্তদের যাতায়াতের প্রধান পথ বৈদ্যবাটি থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত রাস্তা চন্দননগরের ঐতিহ্যবাহী আলোকসজ্জায় সেজে উঠেছে। এলইডি গেট, আলোকসজ্জিত গাছপালা এবং মন্দিরের আদলে তৈরি আলোর নকশা রাতের তারকেশ্বরকে আরও আকর্ষণীয় করে তুলেছে।পুণ্যার্থীদের জন্য এবার থাকছে একটি বিশেষ উদ্যোগও।

প্রতি সোমবার পায়ে হেঁটে আগত কাঁওড়িয়া ও অন্যান্য তীর্থযাত্রীদের উপর হেলিকপ্টার থেকে গোলাপের পাপড়ি বর্ষণের পরিকল্পনা করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।এছাড়া ১৫ জুলাই থেকে তারকেশ্বর রাজবাড়ির মাঠে শুরু হবে মহারুদ্র যজ্ঞ। টানা পাঁচ দিন ধরে চলবে এই ধর্মীয় আয়োজন। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের মঙ্গল কামনা এবং সর্বজনের কল্যাণের উদ্দেশ্যে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে।

Latest