কলকাতায় পৌঁছালেন তসলিমা নাসরিন, কড়া নিরাপত্তায় বিমানবন্দরে অভ্যর্থনা!
নিজস্ব সংবাদদাতা : ৩১শে জুলাই শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। দুটি সামাজিক সংগঠনের আমন্ত্রণে তাঁর এই কলকাতা সফর ঘিরে অনুরাগীদের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।বিমানবন্দরে লেখিকাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেক্যুলার মিশন এবং ‘পশ্চিমবঙ্গের জন্য’ সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও সংগঠনের নেতৃত্ব, এনসিপি-র প্রতিনিধি শিউলি সাহা এবং তসলিমা নাসরিনের অনুরাগীদের একাংশ বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান।তাঁর আগমনকে কেন্দ্র করে কলকাতা বিমানবন্দরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতার আলিপুর সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে ওঠার কথা রয়েছে তাঁর।সফরসূচি অনুযায়ী, শনিবার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি রবিবার বাংলা আকাদেমিতে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে তাঁর।তসলিমা নাসরিনের এই কলকাতা সফরকে ঘিরে সাহিত্য ও সাংস্কৃতিক মহলে ইতিমধ্যেই আগ্রহের পরিবেশ তৈরি হয়েছে।