অভিজিৎ সাহা: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ক্রিকেটপ্রেমীদের নজর এখন নতুন মরশুমের দিকে, আর সেই আবহেই ফের আলোচনায় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আসন্ন আইপিএলেও চেন্নাই সুপার কিংস-এর জার্সিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে মাঠের বাইরেও এবার আইনি কারণে শিরোনামে উঠে এলেন ‘মাহি’। সূত্রের খবর, একটি মানহানির মামলার প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট ধোনিকে ১০ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার নথিপত্র, অনুবাদ ও সংশ্লিষ্ট অন্যান্য খরচ বাবদ এই অর্থ জমা করতে হবে বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে, ২০১৩ সালের আইপিএল চলাকালীন ম্যাচ ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি নিয়ে বিতর্কের সময়। সে সময় এক সংস্থা, এক আইপিএস আধিকারিকসহ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে ধোনির নাম জড়ানোর অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই তিনি মানহানির মামলা দায়ের করেছিলেন। মামলার শুনানি এখনও চলমান রয়েছে আদালতে।মামলার পক্ষে ধোনির আইনজীবীরা বিভিন্ন নিউজ শোর সিডি ও নথিপত্র আদালতে জমা দেন। বিচারপতি মঞ্জুলা গত বছরের অক্টোবর মাসের নির্দেশের উল্লেখ করে জানান, আগামী ১২ মার্চের মধ্যে ওই সিডিগুলির অনুবাদ ও প্রক্রিয়াজনিত ব্যয়ের জন্য ধোনিকে নির্দিষ্ট অর্থ জমা করতে হবে। আদালত সূত্রে খবর, নির্দেশ মেনে ইতিমধ্যেই ওই অর্থ জমা দিতে সম্মত হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাঠে ফেরার প্রস্তুতির মাঝেই এই আইনি পর্ব ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ।