Skip to content

মেদিনীপুর কলেজে জাতীয় শিক্ষানীতি বিষয়ক দশদিনের অনলাইন কর্মশালা, শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত!

নিজস্ব সংবাদদাতা: শিক্ষার আধুনিক রূপান্তরের লক্ষ্যে মেদিনীপুর কলেজ (স্বশাসিত)-এ শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC)-এর ‘মালব্য মিশন টিচার্স ট্রেনিং প্রোগ্রাম’-এর আর্থিক সহায়তায় আয়োজিত দশদিনব্যাপী ‘জাতীয় শিক্ষানীতি’ (NEP) বিষয়ক বিশেষ ওরিয়েন্টেশন ও সেন্সিটাইজেশন কর্মশালা ইতিমধ্যেই শিক্ষামহলে সাড়া ফেলেছে। গত ১৮ মার্চ শুরু হওয়া এই জাতীয় স্তরের অনলাইন কর্মশালা চলেছে ২৭ মার্চ পর্যন্ত। মেদিনীপুর কলেজের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় স্তরের এমন একটি বৃহৎ শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হল, যা কলেজের এক গৌরবময় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এই কর্মসূচি বাস্তবায়নে মেদিনীপুর কলেজের সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছে হরিয়ানার ভগত ফুল সিং মহিলা বিশ্ববিদ্যালয়ের মালব্য মিশন টিচার্স ট্রেনিং সেন্টার। দেশের নতুন জাতীয় শিক্ষানীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে শিক্ষকদের সুস্পষ্ট ধারণা দেওয়াই এই কর্মশালার মূল লক্ষ্য। কর্মশালায় জাতীয় শিক্ষানীতির ১০টি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য— সর্বাঙ্গীন ও বহুমুখী শিক্ষা, ভারতীয় জ্ঞান ব্যবস্থা ও বহুভাষিকতা, অ্যাকাডেমিক নেতৃত্ব, উচ্চশিক্ষা ও সমাজ, গবেষণা ও উন্নয়ন, দক্ষতা বিকাশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৪ জন শিক্ষক-শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তাঁদের প্রশিক্ষণ দিতে উপস্থিত রয়েছেন ১৮ জন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ, যারা প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য ও প্রেজেন্টেশন প্রদান করছেন।এই কর্মসূচির অন্যতম আকর্ষণ হল, অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণ সম্পূর্ণ করলে কর্মজীবনে মূল্যায়ন বা CAS-এর ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি সফল অংশগ্রহণকারীদের প্রদান করা হবে যৌথভাবে স্বাক্ষরিত শংসাপত্র।

সমগ্র কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন কলেজের অধ্যক্ষ ডঃ অসিত পণ্ডা এবং মালব্য মিশন টিচার্স ট্রেনিং সেন্টারের ডিরেক্টর ডঃ শেফালি নাগপাল। অপরদিকে, এই জাতীয় কর্মশালার সমন্বয়কারীর ভূমিকা দক্ষতার সঙ্গে পালন করেছেন কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপিকা ডঃ মণিশ্রী মণ্ডল। শিক্ষামহলের বিশিষ্টজনেরা ইতিমধ্যেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের জাতীয় স্তরের কর্মশালা ভবিষ্যতে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Latest