Skip to content

বিজেপির জয়ের পর বদলে গেল পরিস্থিতি! অবশেষে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’!

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ টানাপোড়েন, বিতর্ক এবং রাজনৈতিক চাপানউতোরের পর অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী-র বহুচর্চিত ছবি দ্য বেঙ্গল ফাইলস। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই ছবিটির মুক্তি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সিনেমাপ্রেমী ও রাজনৈতিক মহলে।কলকাতার অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ প্রিয়া সিনেমা-র কর্ণধার অরিজিৎ দত্ত দাবি করেছেন, সেন্সর বোর্ডের অনুমোদন থাকা সত্ত্বেও এতদিন একটি বিশেষ রাজনৈতিক দলের অঘোষিত চাপের কারণেই ছবিটি বাংলায় মুক্তি পায়নি। তাঁর বক্তব্য, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে প্রবল আগ্রহ থাকলেও বহু প্রেক্ষাগৃহ ছবিটি প্রদর্শনের ঝুঁকি নিতে চায়নি।তবে এবার পরিস্থিতি বদলেছে। শুক্রবার থেকেই প্রিয়া সিনেমা সহ কলকাতার একাধিক হলে শুরু হচ্ছে ছবিটির প্রদর্শন। শুধু শহর কলকাতাই নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহেও দ্রুত ছবিটি পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা। ইতিমধ্যেই একাধিক হলের সঙ্গে আলোচনা চলছে বলেও সূত্রের খবর।নির্বাচনের ফল প্রকাশের পর এই মুক্তিকে অনেকে “মতপ্রকাশের স্বাধীনতার জয়” হিসেবেও দেখছেন। পরিচালক বিবেক অগ্নিহোত্রীও জানিয়েছেন, নানা বাধা ও প্রতিকূলতার মধ্যেও তাঁরা পিছিয়ে যাননি। তাঁর কথায়, “অবশেষে বাংলার সাধারণ মানুষ নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।”এখন দেখার, শুক্রবার থেকে কলকাতা ও রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে ঠিক কতটা দর্শক টানতে পারে বিতর্কে ঘেরা এই ছবি। রাজনৈতিক আবহে উত্তপ্ত বাংলায় দ্য বেঙ্গল ফাইলস-এর মুক্তি যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Latest