নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকা ঘিরে বাড়ছে উত্তেজনা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এই তালিকায় প্রায় ২০ লক্ষ ভোটারের নাম থাকবে—কারা তালিকায় থাকবেন আর কারা বাদ পড়বেন, সেই সিদ্ধান্তই সামনে আসতে চলেছে। জানা গিয়েছে, বর্তমানে ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছেন ৬০ লক্ষেরও বেশি ভোটার। তাঁদের তথ্য খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। ইতিমধ্যেই ২১ লক্ষের বেশি ভোটারের তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রথম অতিরিক্ত তালিকাতেই এই ২০ লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হতে পারে বলে খবর। মঙ্গলবার এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় কলকাতা হাই কোর্টে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডিজি সিদ্ধনাথ গুপ্ত, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের দাবি, আগামী শুক্র বা শনিবারই প্রকাশ পেতে পারে প্রথম অতিরিক্ত তালিকা। যাঁদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্য থাকছে আইনি সুযোগ। তাঁরা বিশেষ ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী দু’-তিন দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখযোগ্যভাবে, শুধু পশ্চিমবঙ্গ নয়—ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদেরও এই কাজে যুক্ত করা হয়েছে। বর্তমানে ৭০৫ জন বিচারক ‘বিবেচনাধীন’ তালিকার যাচাই প্রক্রিয়ায় কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত, ভোটের আগে একাধিক অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে। এদিকে, বাকি ভোটারদের যাচাইয়ের জন্য বিচারকদের হাতে আরও কয়েক দিন সময় দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁরা যোগ্য ভোটার হিসেবে চিহ্নিত হবেন, তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার প্রার্থীদের মনোনয়ন জমার শেষ তারিখ ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ৯ এপ্রিল। ফলে এই সময়সীমার মধ্যেই ‘বিবেচনাধীন’ ভোটারদের ভাগ্য নির্ধারণে তৎপরতা তুঙ্গে প্রশাসন ও নির্বাচন কমিশনের। ভোটের আগে এই তালিকা প্রকাশ যে রাজনৈতিক মহলে বড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য। নজর এখন কমিশনের ঘোষণার দিকেই।
২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ জানাবে কমিশন, ট্রাইবুনাল গঠনে তৎপরতা তুঙ্গে