Skip to content

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা

নিজস্ব সংবাদদাতা : বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। উত্তর আমেরিকার তিন দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। দর্শকাসনে প্রায় ৮০ হাজার সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এবারের বিশ্বকাপ ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করছে। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। মোট ১০৪টি ম্যাচের মাধ্যমে ৩৯ দিনের দীর্ঘ ফুটবল উৎসবে মেতে উঠবে গোটা বিশ্ব। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। আন্তর্জাতিক সঙ্গীত তারকা শাকিরার নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন ও টাইলা।

মেক্সিকোর জন্য এই বিশ্বকাপ বিশেষ মর্যাদার। নিজেদের মাঠে খেলতে নামছে দলটি, আর এস্তাদিও আজতেকা স্টেডিয়াম গড়তে যাচ্ছে নতুন ইতিহাস। ১৯৭০ ও ১৯৮৬ সালের পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করছে এই ঐতিহাসিক ভেন্যু। ফিফা র‌্যাঙ্কিংয়ে মেক্সিকো বর্তমানে ১৪ নম্বরে অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থান ৬০তম। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকলেও স্বাগতিকদের জন্য ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা দক্ষিণ আফ্রিকা আত্মবিশ্বাসী। দলের কোচ হুগো ব্রুস জানিয়েছেন, চাপমুক্ত থেকে নিজেদের কৌশল বাস্তবায়ন করাই হবে তাদের মূল লক্ষ্য।বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। সেবার রুদ্ধশ্বাস লড়াই ১-১ গোলে ড্র হয়। ফলে আজকের ম্যাচে সেই স্মৃতিও নতুন করে ফিরে আসছে। গ্রুপ ‘এ’-তে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি রয়েছে চেকিয়া ও দক্ষিণ কোরিয়া। নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। ফলে উদ্বোধনী ম্যাচ থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের লড়াই শুরু হচ্ছে দুই দলের জন্য। বিশ্বকাপের মঞ্চে নিজেদের স্বপ্নের যাত্রা জয় দিয়ে শুরু করতে মরিয়া থাকবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা—এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

Latest