Skip to content

লাইনে দাঁড়ানোর ঝামেলা শেষ! ডিজিটাল পথে অন্নপূর্ণা ভাণ্ডার, জানালেন অগ্নিমিত্রা পাল

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে মহিলাদের আর্থিক ক্ষমতায়নে বড় পদক্ষেপ নিতে চলেছে নতুন বিজেপি সরকার। এবার অনলাইনেই করা যাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর আবেদন। বিধায়ক পদে শপথ নেওয়ার পরই বড় ঘোষণা করলেন রাজ্যের পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী Agnimitra Paul। তিনি জানান, খুব শীঘ্রই এমন একটি সহজ অনলাইন পোর্টাল চালু করা হবে, যেখানে ঘরে বসেই আবেদন করতে পারবেন বাংলার মহিলারা।মন্ত্রী বলেন, “এতদিন দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দেওয়া হয়েছে। কিন্তু আমি ইতিমধ্যেই আমার দপ্তরের সঙ্গে কথা বলে দিয়েছি, অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে আনার ব্যবস্থা করতে। পোর্টালটি এতটাই সহজ হবে যে, যাঁরা খুব বেশি শিক্ষিত নন তাঁরাও সহজে আবেদন করতে পারবেন।”তিনি আরও জানান, বাংলার প্রত্যেক মা-বোন যাতে কোনও রকম দালালচক্র বা হয়রানি ছাড়াই সরাসরি আবেদন করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ রাখার দিকেও জোর দেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।এর আগের দিন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা সুবিধা পাবেন, সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সমস্ত টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে তার আগে একটি বিশদ যাচাই প্রক্রিয়া হবে। যাঁরা মারা গিয়েছেন বা দেশের নাগরিক নন, তাঁদের নাম বাদ দেওয়া হবে।”সরকারি সূত্রে খবর, আগামী ১ জুন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রাজ্যে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। সেই প্রকল্পকে সামনে রেখেই একাধিক নির্বাচনে রাজনৈতিক সাফল্য পেয়েছিল শাসকদল। এবার পাল্টা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-কে হাতিয়ার করে মহিলাদের কাছে পৌঁছতে চাইছে নতুন বিজেপি সরকার। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের মহিলা ভোটব্যাঙ্ককে আরও শক্তিশালী করতেই এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।

Latest