Skip to content

এবার পৃথিবী নয়, যুদ্ধ হবে মহাকাশে! ভয়ঙ্কর পরিকল্পনায় চিন

নিজস্ব সংবাদদাতা : মহাকাশ জয়ের দৌড়ে আরও একধাপ এগোতে চাইছে চিন। ২০৩০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েছে বেজিং। শুধু তাই নয়, ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি এবং মহাকাশে অত্যাধুনিক ড্রোন মোতায়েনের মতো উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাও সামনে আনছে শি জিনপিং প্রশাসন।চিনের মহাকাশ গবেষণা সংস্থা ইতিমধ্যেই একাধিক সফল ‘শেনঝৌ’ অভিযান সম্পন্ন করেছে। সম্প্রতি এক নভোচারীকে ‘তিয়াংগং’ স্পেস স্টেশনে পাঠানো হয়েছে, যিনি সেখানে এক বছর থাকবেন। বিশেষজ্ঞদের মতে, চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ।২০২৪ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অংশ থেকে রোবটের সাহায্যে নমুনা সংগ্রহ করে নজর কাড়ে চিন। এবার লক্ষ্য, ২০৩০ সালের আগেই সফল মনুষ্যবাহী চন্দ্র অভিযান সম্পন্ন করা। পাশাপাশি রাশিয়ার সঙ্গে যৌথভাবে ২০৩৫ সালের মধ্যে চাঁদে স্থায়ী গবেষণা ঘাঁটি তৈরির পরিকল্পনাও রয়েছে।এদিকে মহাকাশে সামরিক প্রযুক্তি নিয়েও জোরকদমে কাজ করছে বেজিং। হাইপারসনিক ড্রোন পরীক্ষায় সাফল্যের পর এবার ‘লুয়াননিয়াও’ নামে এক বিশাল ত্রিভুজাকার মহাকাশযান তৈরির পরিকল্পনা সামনে এসেছে। এই যান থেকে একসঙ্গে বহু স্টেলথ ড্রোন মোতায়েন করা সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে, এমন প্রযুক্তি বাস্তবায়নের জন্য এখনও প্রয়োজনীয় শক্তি ও উপকরণ পুরোপুরি তৈরি হয়নি।তবে চিনের এই মহাকাশ-কেন্দ্রিক সামরিক ও বৈজ্ঞানিক পরিকল্পনা ভবিষ্যতের যুদ্ধ ও প্রযুক্তির নতুন দিশা দেখাচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল।

Latest