ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে মহেশপুরে তিন দিনের ফুটবল উৎসব
নিজস্ব সংবাদদাতা :মাঠজুড়ে হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস, গ্যালারি থেকে ভেসে আসা করতালি আর বল দখলের লড়াইয়ে টানটান উত্তেজনা—সব মিলিয়ে ফুটবলের মহোৎসবে পরিণত হল চন্দ্রকোনার মহেশপুর। তিন দিন ধরে চলা ‘মহেশপুর সম্প্রীতি কাপ ২০২৬’-এর ফাইনালে SB XI Medinipur-কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিল Luxury Living Furniture Kolkata। শুধু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল নয়, বিপুল পুরস্কারমূল্য, ইলেকট্রিক স্কুটি বিতরণ এবং দর্শকদের জন্য নানা উপহার এবারের প্রতিযোগিতাকে বিশেষ মাত্রা দিয়েছে। প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল Kajal XI Bardhaman ও Indradeb Sporting Club Jhargram। প্রতিযোগিতার প্রতিটি পর্বেই ছিল টানটান উত্তেজনা। ফাইনাল ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ও মাঠের পরিবেশ ফুটবল উৎসবকে অন্য মাত্রা দেয়।

পশ্চিম মেদিনীপুরের মহেশপুর হাই স্কুল ফুটবল মাঠে ২৪, ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ১৬টি দল। আয়োজকদের পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ফুটবলকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবের পরিবেশ। প্রায় ১৩ লক্ষ টাকার পুরস্কার ও উপহারের আয়োজন প্রতিযোগিতার প্রতি দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

মহেশপুর সম্প্রীতি কাপের অন্যতম চমক ছিল চারটি দলের প্রতিনিধিদের জন্য ইলেকট্রিক স্কুটি উপহার। চ্যাম্পিয়ন, রানার্স-আপ এবং দুই সেমিফাইনালিস্ট দলের প্রতিনিধিদের জন্য এই বিশেষ উপহারের ব্যবস্থা করেন আয়োজকরা। ফাইনাল শেষে স্কুটি নিয়ে বিজয়ী দলের সদস্যদের মাঠে উদযাপনের মুহূর্ত দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে।

দর্শকদের জন্যও ছিল পুরস্কার জেতার সুযোগ। কুপনের মাধ্যমে ইলেকট্রিক স্কুটি, সাইকেল ও আলমারির মতো উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কাছে এই প্রতিযোগিতা শুধুমাত্র ফুটবল উপভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং হয়ে উঠেছিল আনন্দ ও উৎসবের এক মিলনমেলা।এবারের প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দলগুলির পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহারের দলও অংশ নেয়।খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন। প্রতিদ্বন্দ্বিতার মাঠে জয়-পরাজয় থাকলেও বৃহত্তর প্রাপ্তি মানুষের মিলন—এই বার্তাই যেন তুলে ধরল মহেশপুর সম্প্রীতি কাপ ২০২৬।

চ্যাম্পিয়ন Luxury Living Furniture Kolkata-র হাতে ট্রফি ওঠার মধ্য দিয়ে তিন দিনের এই ফুটবল উৎসবের পরিসমাপ্তি ঘটে। তবে মহেশপুরের মাঠে যে উন্মাদনা, উৎসাহ ও সম্প্রীতির আবহ তৈরি হল, তা আগামী দিনে এই ধরনের গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।