টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থানের কোটা থেকে আটক তিন অভিযুক্ত!
নিজস্ব সংবাদদাতা: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুম্বইয়ের জুহু এলাকায়। রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্তে নেমে দ্রুত সাফল্য পেল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থানের কোটা স্টেশন থেকে তিন অভিযুক্তকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুহু এলাকার একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে ফিরছিলেন টাইগার শ্রফ। সেই সময় গাড়ির জানলা দিয়ে বাইরে অপেক্ষারত অনুরাগীদের দিকে হাত নাড়ছিলেন অভিনেতা। অভিযোগ, ঠিক তখনই তিন ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালান। এরপর বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। এই ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়ির চালক এবং একটি অটোরিকশার চালক আহত হন বলে জানা গিয়েছে।ঘটনার পরই তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তদের শনাক্ত করতে প্রায় ২০টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। প্রথমে হামলায় ব্যবহৃত বাইকটির সন্ধান শুরু করেন তদন্তকারীরা। পরে আন্ধেরি ওয়েস্ট রেলস্টেশনের কাছে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করা হয়। সেখান থেকে পাওয়া সূত্র এবং প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গতিবিধি অনুসরণ করতে শুরু করে পুলিশ।তদন্তকারীদের হাতে আসা একটি ভিডিয়োতেও হামলার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি। ওই ভিডিয়োতে এক ব্যক্তিকে দু’হাতে বন্দুক ধরে গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। পাশে টুপি পরা আরও এক ব্যক্তিকেও গুলি চালাতে দেখা গিয়েছে বলে তদন্তকারীদের দাবি। তৃতীয় ব্যক্তি বাইক নিয়ে অপেক্ষা করছিলেন। গুলি চালানোর পর তিনজনই ওই বাইকে চেপে পালিয়ে যান।তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা ট্রেনে করে রাজস্থানের দিকে যাচ্ছেন। এরপর রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, পুনে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসে নজরদারি চালানো হয়। ট্রেনটি সকাল ১০টা ১৭ মিনিটে কোটা স্টেশনে পৌঁছলে সাধারণ কামরা থেকে তিনজনকে আটক করা হয়। তদন্তকারীদের অনুমান, অভিযুক্তরা দিল্লির দিকে যাচ্ছিলেন এবং পরে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।