দলীয় কার্যালয় থেকে প্রাক্তন তৃণমূল বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, রামপুরহাটে চাঞ্চল্য!
নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটে। ১৬ই আগস্ট রবিবার সকালে রামপুরহাট শহরে তাঁর বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যালয়ের জানলা দিয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কার্যালয় থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মৃত্যুর আগের দিন শনিবারও বেশ কয়েকজন দলীয় নেতা-কর্মীর সঙ্গে দেখা করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রামপুরহাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের পর তাঁর এই রহস্যমৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া নোট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।