নিজস্ব সংবাদদাতা : বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য এবারও শিরোপা ধরে রাখা। আর সেই লড়াইয়ে অভিজ্ঞ ও পরীক্ষিত ফুটবলারদের উপরই ভরসা রাখছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। দল ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি ঐতিহাসিক নজির গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। টানা ষষ্ঠ বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে তিনি স্পর্শ করলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বরেকর্ড। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন করা দলের অধিকাংশ সদস্যই এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন ডিফেন্ডার মার্কোস আকুনা। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ছন্দে না থাকায় তাঁর বাদ পড়া খুব একটা অপ্রত্যাশিত নয় বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।দলের ভারসাম্য বজায় রাখতে প্রতিটি পজিশনে বিকল্প ফুটবলার রেখেছেন স্কালোনি। ফলে চোট বা কার্ডজনিত সমস্যায় পড়লেও দলের শক্তি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। বিশেষভাবে নজর কেড়েছে অভিজ্ঞ মিডফিল্ডার জিওভানি লো সেলসোর প্রত্যাবর্তন। চোটের কারণে তিনি কাতার বিশ্বকাপে খেলতে পারেননি। এই বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ হতে চলেছে। এর আগে পর্তুগাল দল ঘোষণার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টানা ছয়টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার আর্জেন্টিনা দল ঘোষণার পর সেই রেকর্ডে নাম লেখালেন লিওনেল মেসিও। বিশ্বকাপের মঞ্চে শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও মেসির নেতৃত্বে শক্তিশালী দল নিয়েই নামছে আর্জেন্টিনা। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই মহারণের দিকেই।

আর্জেন্টিনা
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, রদ্রিগো ডি’পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ এবং লাউতারো মার্টিনেজ।
