Skip to content

বৃহস্পতি-শুক্রে কলকাতা জুড়ে ট্রাফিক বদল! প্রধানমন্ত্রীর সফরে সতর্ক পুলিশ

নিজস্ব সংবাদদাতা: প্রথম দফার ভোটের দিনেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী Narendra Modi। তাঁর সফরকে ঘিরে কলকাতা ও হাওড়া জুড়ে জারি হচ্ছে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার Ajay Nanda।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট ধরে ট্রাম-সহ সব ধরনের যান চলাচল এবং পার্কিং প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ করা হতে পারে।বিশেষ করে বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত লোকভবন সংলগ্ন এলাকায় ভারী পণ্যবাহী যান প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস পূর্ব ও এসপ্ল্যানেড রো পূর্ব থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে বিবাদী বাগ দক্ষিণ পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।দু’দিন ধরেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে—

বৃহস্পতিবার (বিকেল ৪টে–রাত ৮টা):
হাওড়া সেতু, ব্রাবোর্ন রোড উড়ালপুল, ব্রাবোর্ন রোড, বিবাদী বাগ পূর্ব, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গভর্নমেন্ট প্লেস পূর্ব, দ্বিতীয় হুগলি সেতু, কেপি রোড, রেড রোড, আরআর অ্যাভিনিউ, লোকভবনের দক্ষিণ ফটক-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নিষেধাজ্ঞা থাকবে।

শুক্রবার (সকাল ৮:৩০–বিকেল ৪:৩০):
রেড রোড, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস ক্রসিং, এজেসি বসু রোড ও উড়ালপুল, মা উড়ালপুল, ইএম বাইপাস, উল্টোডাঙা উড়ালপুল-সহ বিস্তীর্ণ এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ চলছে। সেই দিনই নির্বাচনী প্রচারে অংশ নিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর ও মথুরাপুরে তাঁর জনসভা রয়েছে। এরপর বিকেলে হাওড়ায় একটি রোড শো করার কথাও রয়েছে।পুলিশের তরফে নাগরিকদের আগাম সতর্ক করা হয়েছে—এই সময় শহরের নির্দিষ্ট রাস্তাগুলি এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অফিসযাত্রীদের আগে থেকেই যাত্রাপথ পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে।সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর সফর ও নির্বাচনী আবহে কলকাতা শহরে দু’দিনের জন্য কার্যত কড়া নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ বলবৎ হচ্ছে। শহরবাসীর স্বাভাবিক চলাচলে কিছুটা ভোগান্তি হলেও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে প্রশাসন।

Latest