নিজস্ব সংবাদদাতা: পেরুর বহুল প্রতীক্ষিত ফুটবল ডার্বির আগে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক সমর্থকের। আহত হয়েছেন অন্তত ৪৭ জন। ঘটনাকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রথমে স্টেডিয়ামের দেওয়াল ভেঙে পড়ার জল্পনা ছড়ালেও পরে ক্লাব এবং দমকল— দু’পক্ষই সেই দাবি খারিজ করেছে।পেরুর রাজধানী লিমার আলেজ়ান্দ্রো ভিল্লানুয়েভা স্টেডিয়ামে আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ডার্বির আগে সমর্থকদের একটি ‘ফ্ল্যাগ-ওয়েভিং’ বা সমর্থন মিছিল চলছিল। সেই সময় হুড়োহুড়ি ও চাপে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। পেরুর স্বাস্থ্যমন্ত্রী জুয়ান কার্লোস ভেলাস্কো জানিয়েছেন, আহত ৪৭ জনের মধ্যে ৩৯ জনকে লিমার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর প্রথমে খবর ছড়ায়, স্টেডিয়ামের দক্ষিণ দিকের একটি দেওয়াল ভেঙে বহু মানুষ চাপা পড়েছেন। কিন্তু পরে আলিয়াঞ্জা লিমা ক্লাব স্পষ্ট জানায়, কোনও দেওয়াল ধস বা কাঠামোগত ত্রুটির কারণে এই বিপর্যয় হয়নি। দমকল প্রধান মার্কোস পাজুয়েলোও জানিয়েছেন, স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির গঠন সম্পূর্ণ অক্ষত রয়েছে, কোথাও কোনও অংশ ধসে পড়েনি।তাহলে কী ভাবে এত বড় দুর্ঘটনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়, আতশবাজি, এবং হঠাৎ সৃষ্ট আতঙ্কে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তবে চূড়ান্ত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, প্রবল ঠেলাঠেলির জেরেই বহু মানুষ গ্যালারির সিঁড়ি ও করিডরে আটকে পড়েন।সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় দুর্ঘটনার পর ডার্বি কি পিছোবে? আপাতত না। পেরুর প্রফেশনাল ফুটবল লিগ জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই শনিবার মাঠে নামবে আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়ো। ফলে শোক, আতঙ্ক আর নিরাপত্তা বিতর্কের মাঝেই অনুষ্ঠিত হতে চলেছে পেরুর অন্যতম হাইভোল্টেজ ফুটবল মহারণ।
ডার্বির আগেই লিমায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আহত অন্তত ৪৭ — কারণ নিয়ে রহস্য, তবু ম্যাচ সময়েই