নিজস্ব সংবাদদাতা : মঞ্চে নাটক করার আগে বাস্তবেই যেন এক নাটকীয় পরিস্থিতির মুখে পড়ল একদল স্কুল পড়ুয়া। ১৮ মার্চ বুধবার ৩৮০৫৩ হাওড়া-হলদিয়া লোকাল ট্রেন দুপুর প্রায় ১২টা ৫০ মিনিট নাগাদ তমলুক স্টেশনে দাঁড়ালে জল খেতে নেমে পড়ে চার কিশোর। কিন্তু তার মধ্যেই ট্রেন ছেড়ে দিলে দু’জন উঠে পড়তে পারলেও বাকি দুই কিশোর প্ল্যাটফর্মেই থেকে যায়।জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহ হাইস্কুলের প্রায় ২৫ জন পড়ুয়ার একটি নাট্যদল হলদিয়ায় যাচ্ছিল। সেখানকার আইওসি এমপ্লয়িজ ক্লাবে শুরু হওয়া নাট্য উৎসবে তাদের উদ্বোধনী নাটক ‘চাকা’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। উল্লেখযোগ্যভাবে, এই নাটকটি সম্প্রতি রাজ্যস্তরের প্রতিযোগিতায় সেরা হিসেবে পুরস্কৃত হয়েছে।কিন্তু যাত্রাপথেই ঘটে যায় বিপত্তি। দুই পড়ুয়া ট্রেন মিস করায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে দলের মধ্যে।

বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় আইওসি ক্লাবের উদ্যোক্তাদের। এরপর দ্রুত রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পাঁশকুড়া-দিঘা-হলদিয়া প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক সরোজ ঘড়ার মাধ্যমে তমলুক স্টেশন মাস্টার ও আরপিএফ-এর সঙ্গে সমন্বয় করা হয়।স্টেশন জুড়ে মাইকিং করা হয় এবং কিছু সময়ের মধ্যেই দুই নাবালককে খুঁজে পাওয়া যায়। উদ্ধার করে তাদের তমলুক আরপিএফ অফিসে রাখা হয়। পরে স্কুলের শিক্ষক অর্জুন দাস তাদের দায়িত্ব নিয়ে দলের কাছে ফিরিয়ে আনেন।

স্কুল সূত্রে জানা গেছে, এই দলে থাকা অধিকাংশ ছাত্রছাত্রীই গ্রামের আদিবাসী পরিবার থেকে উঠে আসা এবং বাইরে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম। চারজন শিক্ষক তাঁদের সঙ্গে ছিলেন, তবে হঠাৎ ট্রেন থামতেই চার পড়ুয়া নেমে পড়ে এবং ট্রেন ছাড়ার ঘোষণা শুনতে না পাওয়ায় এই বিপত্তি ঘটে।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭৭টি স্কুলের মধ্যে সারা বাংলা নাটক প্রতিযোগিতায় খেয়াদহ হাইস্কুলের এই নাটক সেরা স্থান অর্জন করেছে। এমনকি নিখোঁজ হওয়া দুই কিশোরের মধ্যে একজন জাতীয় স্তরের স্কলারশিপপ্রাপ্ত অভিনেতাও রয়েছে বলে জানা গেছে।অন্যদিকে, রেল কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় প্রশ্ন তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এক রেল আধিকারিকের বক্তব্য, “পড়ুয়ারা ট্রেন থেকে নামার সময় তাঁদের সঙ্গে কোনো শিক্ষক ছিলেন না কেন? যদি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটত, তাহলে তার দায় কে নিত?”সব মিলিয়ে, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেও এই ঘটনা ফের একবার ট্রেনযাত্রায় নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব সামনে এনে দিল।