নিজস্ব সংবাদদাতা : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এবার সামনে এল নতুন চাঞ্চল্যকর তথ্য। রুশ আকাশহানা প্রতিহত করতে ইউক্রেনীয় সেনাদের হাতে দেখা গেল চিনের তৈরি এফএন-১৬ ম্যানপ্যাড (ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম)। সেই ছবি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। এফএন-১৬ একটি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা শত্রুপক্ষের হেলিকপ্টার, ড্রোন কিংবা নিচু দিয়ে উড়ে আসা যুদ্ধবিমানকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম। ‘থার্মাল সেন্সর’ প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে এই ক্ষেপণাস্ত্র।চিন প্রকাশ্যে রাশিয়ার প্রতি কূটনৈতিক সমর্থন জানিয়ে এলেও ইউক্রেনের হাতে চিনা অস্ত্র পৌঁছনো ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। তবে সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই অস্ত্র সরাসরি চিন থেকে ইউক্রেনে পাঠানো হয়নি। অনুমান করা হচ্ছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জন্য পাঠানো কোনও অস্ত্রের চালান মাঝপথে আটক করে পরে ইউক্রেনকে দেওয়া হয়েছে। এর আগেও বাজেয়াপ্ত করা ইরানি অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করেছিল মার্কিন প্রশাসন।অন্যদিকে, আরও একটি মত বলছে, চিন বিশ্বের বহু দেশে অস্ত্র রফতানি করে। ফলে কোনও মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইউক্রেন এই এফএন-১৬ ম্যানপ্যাড পেয়ে থাকতে পারে। তবে গোটা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
রাশিয়ার হামলার জবাব ইউক্রেনের, চিনা মিসাইলে মুহূর্তে গুঁড়িয়ে যুদ্ধবিমান