নিজস্ব সংবাদদাতা : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে নজিরবিহীন পদক্ষেপ নিল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত স্তরের জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে। শীর্ষকর্তা থেকে শুরু করে হাবিলদার এবং নিম্নপদস্থ কর্মীরাও এই নির্দেশের আওতায় পড়েছেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ এপ্রিল পর্যন্ত কোনওরকম ছুটি মঞ্জুর করা হবে না। যেসব জওয়ান ইতিমধ্যেই ছুটিতে রয়েছেন, তাঁদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের জন্য নেওয়া ছুটিও বাতিল করে দিতে বলা হয়েছে, যা বাহিনীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে প্রায় ২ লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুধুমাত্র সিআরপিএফ-এর পক্ষে গোটা রাজ্যে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হওয়ায় বিএসএফ-কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে জওয়ানদের ছুটি বাতিল করা হয়ে থাকে। কিন্তু নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এই ধরনের কড়া পদক্ষেপ বিরল। ফলে রাজনৈতিক মহল ও প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্যের ভোট যে এবার কড়া নিরাপত্তার বলয়ে অনুষ্ঠিত হতে চলেছে, বিএসএফের এই সিদ্ধান্ত তারই স্পষ্ট ইঙ্গিত বহন করছে।
বাংলার ভোটে নজিরবিহীন সিদ্ধান্ত: বিএসএফ জওয়ানদের ছুটি বাতিল, কড়া নিরাপত্তা বলয়!