Skip to content

রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই হাতের আঙুলের চাপে উঠে আসছে পিচের চাদর

1 min read

বাঁকুড়ার মেজিয়া ব্লকের অনুরাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে মচড়াকেন্দ বাসুদেব ক্লাব পর্যন্ত কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। মাত্র এগারোশো মিটার ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ঘাম ছুটত এলাকার মানুষের। বর্ষায় হাঁটু সমান কাদা আর অন্য সময়ে ধুলোর পুরু আস্তরণে ঢাকা থাকত রাস্তাটি। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবী ছিল পাকা করা হোক রাস্তাটি। সেই দাবী মেনে মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্পে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয় বাঁকুড়া জেলা পরিষদ। মাস ছয়েক আগে কাজও শুরু হয়। অত্যন্ত ঢিমেতালে চলা সেই রাস্তায় সম্প্রতি পড়েছে পিচের আস্তরণ। আর তা দেখেই রীতিমত ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। এলাকার মানুষের দাবী রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই হাতের আঙুলের চাপে উঠে আসছে পিচের চাদর। রাস্তা দিয়ে চলাচল করলেও পায়ের চাপে ফেটে যাচ্ছে পিচ। এই অবস্থায় রাস্তা একমাসও টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে ক্ষোভে- ফেটে পড়েন এলাকাবাসী। গ্রামবাসীদের তরফে অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা পরিষদ। ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তার কাজ খতিয়ে তারা এবং কার্যত স্বীকার করে নেন রাস্তাটি তৈরীর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অতি নিম্নমানের সামগ্রী। আপাতত ওই রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পরিষদের তরফে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবী প্রতিটি সরকারী প্রকল্প শুরুর আগেই প্রকল্পের ৭০ শতাংশ টাকা কাটমানি হিসাবে তুলে দিতে হচ্ছে তৃনমূল নেতাদের। তার জেরেই ঘটছে এমন ঘটনা। বিজেপির তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃনমূল। *বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট সংবাদ দর্পণ*

Latest