১২২২২ হাওড়া-পুণে দূরন্ত এক্সপ্রেসে বিপত্তি! খড়্গপুরের কাছে অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
নিজস্ব সংবাদদাতা : বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ১২২২২ হাওড়া-পুণে দূরন্ত এক্সপ্রেস। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার খড়্গপুরের কাছে চলন্ত অবস্থায় আচমকাই ট্রেনটির একটি কাপলিং ছিঁড়ে যাওয়ায় ট্রেনের পেছনের কয়েকটি কামরা সামনের অংশ ও ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।ঘটনার জেরে মুহূর্তের মধ্যে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির পেছনের অংশ আলাদা হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ।

খবর পেয়ে রেলের কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে যায় এবং যুদ্ধকালীন তৎপরতায় কাপলিং মেরামতের কাজ শুরু করে। দীর্ঘক্ষণ ট্রেনটি লাইনে দাঁড়িয়ে থাকার পর প্রয়োজনীয় মেরামতির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।এই ঘটনার জেরে ১২২২২ হাওড়া-পুণে দূরন্ত এক্সপ্রেস নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই ঘণ্টা দেরিতে টাটানগর স্টেশনে পৌঁছায়।

রেল সূত্রে জানা গিয়েছে, কী কারণে চলন্ত ট্রেনের কাপলিং ছিঁড়ে গেল, তা খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।চলন্ত অবস্থায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।