KYC আপডেট করুন, নয়তো অ্যাকাউন্ট ব্লক! মেসেজ এলেই সাবধান, RBI-এর বড় সতর্কবার্তা
নিজস্ব সংবাদদাতা :এখনই KYC আপডেট করুন, না হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে”—স্মার্টফোনে এমন কোনও মেসেজ কি আপনার কাছেও এসেছে? যদি এসে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার বদলে সতর্ক হন। কারণ KYC আপডেটের নামে নতুন করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)।অনেক সময় প্রতারকরা ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে গ্রাহকদের কাছে এমন মেসেজ পাঠায়। মেসেজে দেওয়া থাকে একটি লিঙ্ক। সেখানে ক্লিক করে KYC আপডেট করতে বলা হয়। তাড়াহুড়ো করে সেই লিঙ্কে ক্লিক করলেই বিপদে পড়তে পারেন গ্রাহক।RBI-এর সতর্কবার্তা অনুযায়ী, এই ধরনের মেসেজ পেলে কোনওভাবেই আতঙ্কিত হয়ে তড়িঘড়ি পদক্ষেপ করা উচিত নয়। বিশেষ করে মেসেজে থাকা সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।প্রতারকরা KYC আপডেটের অজুহাতে গ্রাহকের কাছ থেকে ব্যক্তিগত ও ব্যাঙ্কিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। OTP, PIN, পাসওয়ার্ড বা অন্যান্য গোপন তথ্য চাওয়া হলে কোনও অবস্থাতেই তা শেয়ার করা যাবে না।RBI-এর পরামর্শ, KYC সংক্রান্ত কোনও প্রয়োজন থাকলে সরাসরি সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের অফিসিয়াল মাধ্যমের সঙ্গে যোগাযোগ করুন। মেসেজে পাঠানো লিঙ্ক ব্যবহার করে KYC আপডেট করার চেষ্টা না করাই নিরাপদ।মনে রাখবেন—ভয় দেখিয়ে তাড়াহুড়ো করানোই প্রতারকদের অন্যতম কৌশল। তাই “অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে” বা “অবিলম্বে KYC আপডেট করুন”—এই ধরনের মেসেজ পেলেই আগে যাচাই করুন, তারপর কোনও পদক্ষেপ নিন।KYC এবং আর্থিক সচেতনতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে RBI-এর অফিসিয়াল Financial Education পোর্টালে গিয়ে তথ্য যাচাই করতে পারেন।