নিজস্ব সংবাদদাতা : তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা অব্যাহত। এবার এই মামলায় বড় মোড়। কলকাতা হাই কোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়ের হওয়া একটি আবেদনের শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।জানা গেছে, মামলাটি প্রথমে তাঁর এজলাসে ওঠার কথা থাকলেও বিচারপতি স্পষ্ট করেন, একই ইস্যুতে ইতিমধ্যেই অন্য একটি বেঞ্চে—বিচারপতি কৌশিক চন্দের এজলাসে—শুনানি চলছে। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় ইতিমধ্যেই অন্তর্বর্তী রক্ষাকবচও দেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে একই বিষয়ে দুই পৃথক বেঞ্চে শুনানি হলে পরস্পরবিরোধী নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে পর্যবেক্ষণ আদালতের। সেই কারণেই এই মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি ভট্টাচার্য। তিনি জানান, এই ধরনের সংযুক্ত বিষয়ে একক বেঞ্চেই শুনানি হওয়া উচিত।এর ফলে মামলাটি এখন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে গিয়েছে। আগামী দিনে কোন বেঞ্চে এই মামলার চূড়ান্ত শুনানি হবে, তা নির্ধারণ করবেন প্রধান বিচারপতি।উল্লেখ্য, সই জাল কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূল শিবিরে চাপানউতোর তৈরি হয়েছে। তদন্তে নেমেছে সিআইডি এবং একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
হাই কোর্টে সই জাল মামলা ঘিরে হইচই, শুনানি না হওয়ায় নতুন মোড়