নিজস্ব সংবাদদাতা : ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বিপুল অর্থ ব্যয় করছে আমেরিকা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters-এর সূত্রে জানা গেছে, যুদ্ধের প্রথম সপ্তাহেই প্রায় ১১.৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ৪ হাজার কোটি টাকা।এই বিপুল ব্যয়ের মধ্যে রয়েছে অস্ত্রশস্ত্র, সামরিক সরঞ্জাম, সেনা মোতায়েনসহ যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন খাত। যুদ্ধ পরিস্থিতি ইতিমধ্যেই দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করতে চলেছে। ফলে অনুমান করা হচ্ছে, এতদিনে এই ব্যয়ের অঙ্ক আরও বেড়ে দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গিয়েছে।বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধ পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল।

যুদ্ধক্ষেত্রে উন্নত প্রযুক্তির অস্ত্র, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং সেনাবাহিনীর লজিস্টিক ব্যবস্থা বজায় রাখতে বিপুল অর্থ খরচ করতে হয়। আর সেই কারণেই যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনৈতিক চাপও বাড়তে থাকে।এদিকে সূত্রের খবর, যুদ্ধের খরচ সামাল দিতে শীঘ্রই White House অতিরিক্ত তহবিলের জন্য United States Congress-এর কাছে আবেদন জানাতে পারে। বিভিন্ন মহলের অনুমান, প্রায় ৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট চাওয়া হতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে আমেরিকার অর্থনীতির উপর কতটা চাপ পড়বে, তা নিয়েও আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের প্রশ্ন—ইরানের বিরুদ্ধে এই সামরিক অভিযান চালাতে গিয়ে শেষ পর্যন্ত কি আমেরিকার অর্থনীতির উপর বড়সড় প্রভাব পড়তে পারে? এখন সেই দিকেই নজর রাখছে বিশ্বরাজনীতি।