নিজস্ব সংবাদদাতা : ডিজিটাল পরিষেবায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে ভারতীয় রেল। আগামী ১ মার্চ ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে ‘ইউটিএস অন মোবাইল’ (UTS on Mobile) অ্যাপ। তার পরিবর্তে যাত্রীদের সমস্ত পরিষেবার জন্য ব্যবহার করতে হবে একমাত্র ‘রেল ওয়ান’ (Rail One) অ্যাপ।রেলের তরফে জানানো হয়েছে, ‘রেল ওয়ান’ অ্যাপটিকে একটি পূর্ণাঙ্গ ও একক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। অসংরক্ষিত টিকিট বুকিং (UTS), আসন সংরক্ষণ, ট্রেনে খাবার অর্ডার, এমনকি ‘রেল মদত’-এর মাধ্যমে অভিযোগ বা সহায়তা চাওয়া—সব পরিষেবাই এখন এক জায়গায় মিলবে।

একাধিক আলাদা অ্যাপ ব্যবহারের ঝামেলা কাটিয়ে একটি সুসংহত ইন্টারফেসে সব সুবিধা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।রেলের দাবি, ব্যবহারকারীদের মধ্যে ‘রেল ওয়ান’-এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সেই কারণেই ধাপে ধাপে পুরনো একক অ্যাপগুলি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ১ মার্চ থেকে ‘ইউটিএস অন মোবাইল’ সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হবে।

রূপান্তর প্রক্রিয়া যাতে নির্বিঘ্ন হয়, সে জন্য নিয়মিত নজরদারি চালানো হবে এবং কোনও ডুপ্লিকেট বা বিভ্রান্তিকর অ্যাপ সক্রিয় থাকলে তা চিহ্নিত করা হবে।রেলের ডিজিটাল পরিষেবাকে আরও সুশৃঙ্খল, সহজ ও গ্রাহকবান্ধব করে তুলতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। যাত্রীদের ইতিমধ্যেই ‘রেল ওয়ান’ অ্যাপ ডাউনলোড করে নতুন পরিষেবার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।স্পষ্ট বার্তা—এবার থেকে রেলের সব কাজ এক অ্যাপেই। ১ মার্চের পর ‘ইউটিএস অন মোবাইল’-এর দিন শেষ।