নিজস্ব সংবাদদাতা : শুক্রবার আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই ছিল হাইভোল্টেজ। তবে ম্যাচের আসল আকর্ষণ ছিলেন দুই প্রজন্মের দুই তারকা— Virat Kohli এবং কিশোর বিস্ময় বৈভব সূর্যবংশী। একদিকে অভিজ্ঞতার সোনা, অন্যদিকে নির্ভীক সাহসের ঝলক। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজস্থান রয়্যালসের কিশোর বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে তাঁর ব্যাট থেকে বেরোল ২৬ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস, যার দাপটে ২০২ রানের কঠিন লক্ষ্য সহজেই তাড়া করে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। এই ইনিংসের সুবাদে বৈভব এখন মরসুমের অরেঞ্জ ক্যাপ হোল্ডার, মাত্র ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ২০০ রান। গুয়াহাটির ম্যাচে শুরু থেকেই RCB বোলারদের উপর চড়াও হন বৈভব। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা, আর মাত্র ১৫ বলেই তুলে নেন মরসুমের দ্রুততম অর্ধশতরানের একটি। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই ম্যাচ কার্যত রাজস্থানের দিকে ঝুঁকে পড়ে। পরে ধ্রুব জুরেলের অপরাজিত ৮১ রানের ইনিংস জয়কে আরও সহজ করে দেয়।

তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে খেলা শেষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার Virat Kohli নিজে বৈভবের রাজস্থান ক্যাপে অটোগ্রাফ দিয়ে লেখেন— “Dear Vaibhav, well done.” কিং কোহলির এই অনুপ্রেরণামূলক বার্তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ক্রিকেটপ্রেমীদের মতে, এ যেন ভারতীয় ক্রিকেটে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে মশাল তুলে দেওয়ার প্রতীক। ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক Riyan Parag-ও বৈভবকে নিয়ে উচ্ছ্বাস লুকোননি। তিনি বলেন, “ওকে সবাই ভীষণ ভালোবাসে। দলে ওর উপস্থিতি খুব প্রাণবন্ত। খেতে ভালোবাসে, বাইরে যেতে ভালোবাসে, আর সবথেকে বেশি ভালোবাসে ব্যাটিং করতে। যতক্ষণ এভাবে খেলবে, ও যা চাইবে আমরা তা-ই দেব।” এই মন্তব্য থেকেই স্পষ্ট, দলের ভিতরে ইতিমধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছে এই কিশোর।
