বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স ও ড্রোন প্রযুক্তি নিয়ে দুই দিনের কর্মশালা!
নিজস্ব সংবাদদাতা : রোবোটিক্স, ড্রোন এবং আধুনিক UAV প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও প্রশিক্ষণ দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল দুই দিনের বিশেষ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের উদ্যোগে ২৪ ও ২৫ আগস্ট আয়োজিত এই কর্মশালায় অংশ নিচ্ছেন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষক।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের এ.পি.জে. আবদুল কালাম হলে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগভিত্তিক কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার। এছাড়াও R&D Cell-এর ডিরেক্টর অধ্যাপক অজয় মিশ্র এবং Robozonix-এর প্রতিষ্ঠাতা শ্রী অনুপ পারালি বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী।কম্পিউটার সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালার উপদেষ্টা হিসেবে রয়েছেন IQAC-এর ডিরেক্টর অধ্যাপক মধুমঙ্গল পাল, R&D Cell-এর ডিরেক্টর অধ্যাপক অজয় মিশ্র, মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কেশব চন্দ্র মণ্ডল এবং কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বিশ্বপতি জানা।

কর্মশালার সমন্বয়কারীরা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক দেবকুমার বেরা, সিস্টেম অ্যানালিস্ট দেবায়ন নন্দ এবং Computer Officer, CDOE ও PRO (Additional Charge) সৌম্য চক্রবর্তী। আহ্বায়কের দায়িত্বে রয়েছেন কম্পিউটার সেন্টারের সহকারী অধ্যাপক ড. অর্ণব সাধু।

কর্মশালার প্রথম দিনের কারিগরি পর্বে ড্রোন ও আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV)-এর অ্যারোডায়নামিক্স সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি ড্রোনের বিভিন্ন অংশ সংযোজন এবং ESC সোল্ডারিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।দ্বিতীয় দিনে থাকছে আরও বিস্তৃত ব্যবহারিক প্রশিক্ষণ। ড্রোন ফ্লাইং সিমুলেশন, ফ্লাইট কন্ট্রোলার ক্যালিব্রেশন ও টিউনিং, ড্রোন পরিচালনা, থার্মাল ইমেজিং, লাইভ টেলিমেট্রি সার্ভেইল্যান্স এবং পরিধি পর্যবেক্ষণ পদ্ধতির ডেমোনস্ট্রেশন করা হবে। পাশাপাশি রোবোটিক্স পর্বে সেন্সর ব্যবহার, রোবট অ্যাসেম্বলিং এবং জেসচার-কন্ট্রোলড রোবট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।