নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাস্তব হলো ভক্তদের স্বপ্ন। ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাজস্থানের লেকসিটির আভিজাত্য মাখা প্রাসাদে চার হাত এক করলেন দক্ষিণী চলচ্চিত্রের হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা ও ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মান্দানা। উদয়পুরের বিলাসবহুল প্রাসাদে রাজকীয় পরিবেশে সকাল থেকেই ছিল কড়া নিরাপত্তা ও গোপনীয়তার আবরণ। ঠিক সকাল ১০টা ১০ মিনিটে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মালাবদল করেন নবদম্পতি। অগ্নি সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তরুণ ভাস্কর এবং শিব নির্বাণ-এর মতো ব্যক্তিত্বদের দেখা যায় অনুষ্ঠানে।

সেলিব্রেশন এখানেই শেষ নয়। বিকেল সাড়ে ৪টেয় রশ্মিকার আদি বংশীয় ‘কোডভা’ (Kodava) রীতি অনুযায়ী আবারও হবে বিয়ের বিশেষ অনুষ্ঠান। কর্ণাটকের কুর্গ অঞ্চলের এই ঐতিহ্যবাহী রীতিতে নবদম্পতিকে নতুন সাজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। দুই সংস্কৃতির মেলবন্ধনে এই বিয়ে যেন আরও অনন্য হয়ে উঠেছে। এই তারকা-দম্পতির নতুন জীবনের সূচনায় শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি চিঠির মাধ্যমে তিনি বিজয় ও রশ্মিকাকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য,২০১৮ সালে গীতা গোবিন্দম ছবির সেটে প্রথম আলাপ। সেখান থেকেই শুরু বন্ধুত্ব, তারপর প্রেম। পরবর্তীতে ডিয়ার কমরেড-এ তাঁদের অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করে নেয়। একাধিকবার একসঙ্গে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও, নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই প্রকাশ্যে মুখ খোলেননি তাঁরা। অবশেষে সব জল্পনার ইতি টেনে নিজেরাই অনুরাগীদের সুখবর দিয়েছেন। পর্দার সেই রোম্যান্টিক জুটি এখন বাস্তব জীবনের সঙ্গী। এখন অনুরাগীদের চোখ বিকেলের অনুষ্ঠানের দিকে। কবে প্রকাশ্যে আসবে নবদম্পতির প্রথম অফিসিয়াল ছবি? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রেন্ড করছে তাঁদের নাম। রূপোলি পর্দার প্রেম আজ বাস্তবের অঙ্গীকারে বাঁধা। বিজয়-রশ্মিকার নতুন পথচলায় শুভেচ্ছার বন্যা বইছে দেশজুড়ে।