নিজস্ব সংবাদদাতা :নতুন মরসুম শুরুর আগেই বড়সড় ট্রান্সফার পরিকল্পনা করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে লন্ডনের ক্লাবটি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সি এই তারকাকে আগামী মরসুমে নিজেদের আক্রমণভাগের শক্তি বাড়াতে দলে নিতে আগ্রহী আর্সেনাল। যদিও এখনও পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কোনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিয়াসের চুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার দিকে নজর রাখছে ‘গানার্স’রা।রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে নতুন চুক্তি নিয়ে এখনও পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনও সমঝোতা হয়নি। পরিস্থিতির পরিবর্তন না হলে চুক্তির শেষ বছরে বিনা ট্রান্সফার ফিতে তারকাকে হারানোর ঝুঁকি এড়াতে ভবিষ্যতে তাঁকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে হতে পারে রিয়ালকে। তবে ভিনিসিয়াসকে ছাড়তে চাইছে না স্প্যানিশ জায়ান্টরা। ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। আগামী কয়েক মাসেও যদি চুক্তি নবীকরণের কোনও অগ্রগতি না হয়, তাহলে ভিনিসিয়াসকে দলে নিতে আরও জোরালোভাবে ঝাঁপাতে পারে আর্সেনাল—এমনই দাবি প্রতিবেদনে।তবে শেষ পর্যন্ত ভিনিসিয়াস বার্নাব্যুতেই থাকবেন, নাকি নতুন ঠিকানা হবে লন্ডন—সেদিকেই এখন নজর ফুটবলবিশ্বের।