আইআইটি খড়গপুরে শ্রমিক নিয়োগ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ?

আইআইটি খড়গপুরে শ্রমিক নিয়োগ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ?

নিজস্ব সংবাদদাতা : প্রযুক্তিবিদ্যায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে নির্মাণকাজে শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েনের অভিযোগ উঠেছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের একাংশের অভিযোগ, শ্রমিক নিয়োগ ও কাজের সুযোগ নিয়ে দলেরই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি হয়েছে। পাল্টা অভিযোগও উঠেছে দলের একাংশের বিরুদ্ধে।আইআইটি খড়গপুরে নিয়মিতই বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ হয়। সরকারি নথি অনুযায়ী, চলতি বছরও ক্যাম্পাসে একাধিক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের জন্য উন্মুক্ত টেন্ডার ডাকা হয়েছে।খড়গপুর গ্রামীণের গোপালী পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেতা বিমল দাস ওরফে টিঙ্কুর অভিযোগ, আইআইটির শ্রমিক সরবরাহের বিষয়টি ভারতীয় মজদুর সঙ্ঘের নেতারা দেখছেন। তাঁর দাবি, দলের পুরনো কর্মীদের কাজের সুযোগ না দিয়ে অন্য একটি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত এক নেতার সঙ্গে সমঝোতা করে কাজ করা হচ্ছে। তাঁর আরও অভিযোগ, এর প্রতিবাদ করায় দলের কর্মীদের উপর হামলাও হয়েছে।তাঁর অভিযোগের নিশানায় রয়েছেন বিজেপির খড়গপুর দক্ষিণ মণ্ডলের সভাপতি শ্রীনাথ সিংহ। তবে অভিযোগ অস্বীকার করে শ্রীনাথের বক্তব্য, আইআইটি তাঁর মণ্ডলের অন্তর্গত এবং দলের পুরনো কর্মীরাই কাজের সুযোগ পান—এটাই তাঁরা চান। তাঁর দাবি, ব্যক্তিগত স্বার্থে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।অন্যদিকে, ভারতীয় মজদুর সঙ্ঘের নেতা জয়ন্ত রানার অভিযোগ, তাঁদের শ্রমিকদের আইআইটির কাজে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, বিষয়টি বিজেপি ও সংগঠনের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে।বাম শ্রমিক সংগঠন আইটাকের রাজ্য সম্পাদক বিপ্লব ভট্টের অভিযোগ, আইআইটিতে দীর্ঘদিন ধরেই শ্রমিক নিয়োগ ও নির্মাণসামগ্রী সরবরাহকে ঘিরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। তাঁর দাবি, বর্তমানে বিজেপির একাধিক গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। সব শ্রমিক সংগঠনকে নিয়ে আইআইটি কর্তৃপক্ষের আলোচনায় বসার দাবিও জানিয়েছেন তিনি।তবে আইআইটি খড়গপুরের রেজিস্ট্রার অচিন্ত্যকুমার মণ্ডলের বক্তব্য, প্রতিষ্ঠানটি সরকারি নিয়ম মেনে টেন্ডারের মাধ্যমে বিভিন্ন এজেন্সিকে কাজের বরাত দেয়। এরপর সংশ্লিষ্ট ঠিকাদার বা এজেন্সি কীভাবে শ্রমিক নিয়োগ করবে কিংবা নির্মাণসামগ্রী সংগ্রহ করবে, তা তাঁদের সরাসরি এক্তিয়ারের মধ্যে পড়ে না।ফলে শ্রমিক নিয়োগ ও নির্মাণকাজকে ঘিরে ওঠা রাজনৈতিক অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই আইআইটি কর্তৃপক্ষের টেন্ডার প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এখন নজর রয়েছে।