Skip to content

না ফেরার দেশে মোহনবাগানের ‘মুশকিল আসান’ টুটু বসু!

নিজস্ব সংবাদদাতা : টুটু বসু ওরফে স্বপন সাধন বসু-র প্রয়াণে বুধবার, ১৩ মে শোকস্তব্ধ কলকাতা ময়দান। সকাল থেকেই তাঁর বাড়ির সামনে ছিল অগণিত মানুষের ভিড়। ক্রীড়াজগত থেকে রাজনৈতিক মহল—সকলেই প্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।মঙ্গলবার, ১২ মে রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের অন্যতম পরিচিত কর্তা টুটু বসু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

গত ১১ মে, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে মঙ্গলবার রাতে ফের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। রেখে গেলেন দুই পুত্র সৃঞ্জয় বসুএবং সৌমিক বসু-কে।জীবনের শেষদিকে শারীরিক কারণে খুব বেশি বাইরে বেরোতে না পারলেও, তাঁর দৃপ্ত উপস্থিতি ও তীক্ষ্ণ মন্তব্যে ময়দান মাতিয়ে রাখতেন। মোহনবাগান সমর্থকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। অসাধারণ রসবোধ এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে বহু কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন। ক্লাবের দুঃসময়ে একাই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। মোহনবাগানের প্রতি অগাধ ভালোবাসা থেকেই ক্লাবের জন্য ব্যয় করেছেন কোটি কোটি টাকা। একসময় ময়দানে ‘মুশকিল আসান’ হিসেবেই পরিচিত ছিলেন টুটু বসু।

Latest