রোজভ্যালির টাকা ফেরাতে বড় উদ্যোগ, ১ বছরের মধ্যে সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরতের প্রস্তাব রাজ্যের!

রোজভ্যালির টাকা ফেরাতে বড় উদ্যোগ, ১ বছরের মধ্যে সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরতের প্রস্তাব রাজ্যের!

নিজস্ব সংবাদদাতা : রোজভ্যালি কাণ্ডে প্রতারিত লক্ষ লক্ষ আমানতকারীর দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটাতে এবার বড় পদক্ষেপের প্রস্তাব দিল রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছে, আদালতের নজরদানিতে এক বছরের মধ্যে রোজভ্যালির ২১টি হোটেল-সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই অর্থ আমানতকারীদের ফেরত দেওয়ার উদ্যোগ নিতে চায় সরকার।রাজ্যের মুখ্যসচিবের তরফে এ বিষয়ে একটি রিপোর্ট আকারে প্রস্তাব জমা পড়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকারের প্রস্তাব, সম্পত্তি বিক্রি ও আমানতকারীদের টাকা ফেরতের গোটা প্রক্রিয়াটি যেন আদালতের সরাসরি নজরদারিতে সম্পন্ন হয়।রোজভ্যালি কাণ্ডে প্রায় ২,৫০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও বহু আমানতকারী তাঁদের প্রাপ্য অর্থ ফেরত পাননি। এর আগে আদালতের নির্দেশে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলেও তা প্রত্যাশিত গতিতে এগোয়নি বলে অভিযোগ।এদিকে, হাই কোর্টের নির্দেশে গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটির বিরুদ্ধেও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলেছে সেরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO)। এই পরিস্থিতিতে ওই কমিটি ভেঙে দেওয়ারও প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। পরিবর্তে আদালতের তত্ত্বাবধানে রাজ্যের উদ্যোগেই রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।রাজ্যের পক্ষ থেকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে দ্রুত সম্পত্তি বিক্রি এবং আমানতকারীদের টাকা ফেরতের অনুমতি চাওয়া হয়েছে। হাই কোর্ট এই প্রস্তাবের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর আমানতকারীদের।